পাকিস্তানি সংগীতশিল্পী আসিম আজহার কি নতুন করে বাগ্দান সেরেছেন? সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া কয়েকটি ছবিকে কেন্দ্র করে ভক্তদের মাঝে এই প্রশ্নই এখন বড় হয়ে দেখা দিয়েছে। ছবিগুলোতে আসিমকে ক্রিম রঙের ঐতিহ্যবাহী পোশাকে দেখা গেছে। তাঁর পাশে মিন্ট সবুজ রঙের ভারী কাজের পোশাক পরিহিত এক নারীকেও দেখা যায়। একটি ছবিতে দুজনকে একসঙ্গে পোজ দিতে দেখা গেছে, যার ফলে অনেকেই ধারণা করছেন এটি কোনো বাগ্দান অনুষ্ঠানের ছবি।
ছবিগুলোতে আসিমের পরিবারের সদস্য এবং অতিথিদের উপস্থিতিও লক্ষ্য করা গেছে। তবে এসব ছবির প্রকৃত উপলক্ষ বা ওই নারীর পরিচয় সম্পর্কে শিল্পী এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি। ফলে আপাতত এটিকে কেবল ভক্তদের ধারণা বা গুঞ্জন হিসেবেই দেখা হচ্ছে। আসিমের পক্ষ থেকে নিশ্চিত তথ্য না পাওয়া পর্যন্ত কোনো সিদ্ধান্তে পৌঁছানো কঠিন বলে মনে করছেন নেটিজেনরা।
আসিমের ব্যক্তিজীবন সবসময়ই আলোচনার কেন্দ্রে থাকে। এর আগে অভিনেত্রী ও ইনফ্লুয়েন্সার মেরুব আলীর সঙ্গে তাঁর বাগ্দান হয়েছিল। প্রায় তিন বছর বাগ্দান অবস্থায় থাকার পর ২০২৫ সালের জুন মাসে তাঁরা বিচ্ছেদের আনুষ্ঠানিক ঘোষণা দেন। সেই অধ্যায় শেষ হওয়ার পরই নতুন এই ছবিগুলো সামনে এল।
অন্যদিকে, অভিনেত্রী হানিয়া আমিরের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়েও দীর্ঘদিন ধরে নানা জল্পনা চলছে। ২০১৮ থেকে ২০২০ সাল পর্যন্ত তাঁদের সম্পর্কের বিষয়টি বেশ আলোচিত ছিল। যদিও পরে তাঁরা আলাদা হয়ে যান, তবুও সাম্প্রতিক সময়ে তাঁদের কথোপকথন ও বিভিন্ন অনুষ্ঠানে একসাথে উপস্থিতি নতুন করে পুরোনো সম্পর্ক জোড়া লাগার গুঞ্জন উসকে দিয়েছে।
ভক্তদের ধারণা, গত অক্টোবরে আসিমের জন্মদিনে হানিয়া উপস্থিত ছিলেন। এছাড়া হুনজাতেও দুজনকে একসঙ্গে সময় কাটাতে দেখা গেছে বলে খবর রয়েছে। তবে সব ছাপিয়ে বর্তমানে ভাইরাল হওয়া নতুন ছবিগুলো আসিমের ব্যক্তিগত জীবনের রহস্য আরও বাড়িয়ে তুলেছে। এখন শুধু সময়ের অপেক্ষা—শিল্পী নিজেই পুরো বিষয়টি পরিষ্কার করেন কি না, তা জানতে ভক্তরা মুখিয়ে আছেন।
আকাশ নিউজ ডেস্ক 























