জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাবা আব্দুল হালিম টমের বিরুদ্ধে জমি দখল, মারধর ও বসতবাড়ি ভাঙচুরের অভিযোগে মামলা দায়ের হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) কুষ্টিয়ার দৌলতপুর থানায় এই মামলাটি করেন উপজেলার মথুরাপুর ইউনিয়নের বাগোয়ান টেনশন মোড় এলাকার বাসিন্দা ইদ্রিস আলী। জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। বাদী ইদ্রিস আলী এজাহারে উল্লেখ করেন, ঘটনার পর এলাকাবাসীর কাছে বিচার চাইলে গত বছরের ১৬ সেপ্টেম্বর তার বিরুদ্ধে দৌলতপুর থানায় একটি মামলা করেন আব্দুল হালিম।
মামলার এজাহার অনুযায়ী, ইদ্রিস আলী প্রায় পাঁচ বছর আগে আব্দুল হালিমের আপন ভাই মাহফুজুর রহমান মনজু মাস্টারের কাছ থেকে সোয়া চার কাঠা জমি ক্রয় করেন। জমিটি নিজের দখলে নিয়ে তিনি বাড়ি নির্মাণ করে পরিবার নিয়ে বসবাস শুরু করেন। কিন্তু পরবর্তীতে আব্দুল হালিম জমিটি জবরদখল করার পরিকল্পনা করেন। এরই ধারাবাহিকতায় গত বছর ১৩ সেপ্টেম্বর সকালে দেশীয় অস্ত্র নিয়ে আব্দুল হালিম ও তার ৮-১০ জন সহযোগী ইদ্রিস আলীর বাড়িতে হামলা চালান। এছাড়া এজাহারে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে ৮ থেকে ১০ জনকে। এর জের ধরে গত বছর (২০২৫ সাল) ১৩ সেপ্টেম্বর সকালে দেশীয় অস্ত্র নিয়ে আব্দুল হালিম ও তার সহযোগীরা ইদ্রিস আলীর বাড়িতে হামলা চালান।
অভিযোগে উল্লেখ করা হয়, হামলাকারীরা লাঠি, রড, হাতুড়ি, হাঁসুয়া ও হাত কুড়াল দিয়ে ইদ্রিস আলীর বসতঘরের বেড়া, দরজা-জানালা ও টিনের চাল ভেঙে প্রায় আড়াই লাখ টাকার ক্ষতি করেন। এ সময় বাধা দিতে গেলে ইদ্রিস আলী ও তার স্ত্রী মিনা খাতুনকে মারধর করা হয় এবং ঘর থেকে তিনটি খাট ও দশ বান্ডেল টিনসহ প্রায় দেড় লাখ টাকার মালামাল লুট করা হয়। ঘটনার পর বিচার চাওয়ার জেরে আব্দুল হালিম উল্টো ইদ্রিস আলীর বিরুদ্ধে একটি মামলা করেন, যার কারণে তাকে জেল খাটতে হয়।
ভুক্তভোগী ইদ্রিস আলী জানিয়েছেন, জামিনে মুক্তি পাওয়ার পর তিনি জানতে পারেন সংসদ সদস্য কন্যার প্রভাব খাটিয়ে আব্দুল হালিম তার জমিটি দখল করে নিয়েছেন। এছাড়া অস্ত্র মামলায় ফাঁসানোর হুমকির মুখে তিনি সপরিবার এলাকা ছেড়ে শ্বশুরবাড়িতে আশ্রয় নেন। সম্প্রতি ১২ নভেম্বর আব্দুল হালিমের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনার পর তাকে ও তার পরিবারকে নতুন করে মিথ্যা মামলায় জড়ানোর ষড়যন্ত্র চলছে বলে জানতে পারেন তিনি। নিরাপত্তার অভাব ও ক্রমাগত ভয়ভীতির কারণে এতদিন মামলা করতে পারেননি জানিয়ে, ইদ্রিস আলী এখন নতুন কোনো হয়রানির আশঙ্কায় আতঙ্কিত হয়ে আইনের আশ্রয় নিয়েছেন।
আকাশ নিউজ ডেস্ক 
























