ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান যুদ্ধের জেরে বড় ধরনের অর্থনৈতিক সংকটের মুখে পড়েছে কাতার। তবে আগামী ২০২৭ সাল নাগাদ দেশটির অর্থনীতি ঘুরে দাঁড়াতে পারে বলে পূর্বাভাস দিয়েছেন মধ্যপ্রাচ্যবিষয়ক বিশেষজ্ঞ ও মিডল ইস্ট কাউন্সিল ফর গ্লোবাল অ্যাফেয়ার্সের ফেলো শেখা আলানুদ বিনতে হামাদ আল থানি। আল-জাজিরাকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এই আশার কথা জানিয়েছেন।
শেখা আলানুদ জানান, যুদ্ধের নেতিবাচক প্রভাবে কাতারের সরকারি রাজস্ব আয় ৪২ শতাংশ পর্যন্ত হ্রাস পেয়েছে। একই সঙ্গে দেশটির মোট দেশজ উৎপাদনের (জিডিপি) আকারেও প্রায় ১৪ শতাংশ সংকোচন লক্ষ্য করা গেছে। সম্প্রতি শুরা কাউন্সিলের এক বৈঠকে কাতারের আমিরও দেশের অর্থনীতির ওপর যুদ্ধের এই বিরূপ প্রভাবের বিষয়টি স্পষ্টভাবে তুলে ধরেছিলেন।
তবে এই সংকট দীর্ঘস্থায়ী হবে না বলেই মনে করছেন এই বিশ্লেষক। তার প্রত্যাশা, ২০২৭ সালের শুরু নাগাদ কাতারের অর্থনীতি পুনরায় উদ্বৃত্ত ধারায় ফিরতে সক্ষম হবে। তবে এক্ষেত্রে জ্বালানি সরবরাহ ব্যবস্থা নিশ্চিত করা একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে শীতকালকে সামনে রেখে ইউরোপের দেশগুলোর জ্বালানির বিকল্প উৎসের সন্ধানে মরিয়া হয়ে ওঠা পরিস্থিতির জটিলতা বাড়াচ্ছে। যুদ্ধের কারণে সৃষ্ট অস্থিতিশীল পরিস্থিতির দিকে দীর্ঘ সময় তাকিয়ে থাকা ইউরোপের দেশগুলোর জন্য কঠিন হয়ে পড়েছে। যুদ্ধের কারণে সৃষ্ট অচলাবস্থা কেটে যাওয়ার জন্য তাদের পক্ষে দীর্ঘদিন অপেক্ষা করা সম্ভব নয়।
জ্বালানি খাতে এই অস্থিরতার কারণেই ইতোমধ্যে পোল্যান্ডের মতো দেশ কাতারের সঙ্গে পূর্বনির্ধারিত চুক্তি থেকে সরে এসেছে বলে তিনি উল্লেখ করেন। বিশ্লেষকের ভাষ্যমতে, কাতার অর্থনৈতিকভাবে পুনরুদ্ধারের পথে থাকলেও বিশ্ববাজারে জ্বালানি অস্থিরতা এবং ইউরোপীয় গ্রাহকদের বিকল্প সরবরাহকারীর খোঁজে অন্য দিকে ঝুঁকে পড়া দেশটির জন্য নতুন চ্যালেঞ্জ সৃষ্টি করছে।
আকাশ নিউজ ডেস্ক 
























