ঢাকার আদালতের কাঠগড়া থেকে হাতকড়া খুলে পালিয়ে যাওয়া হত্যা মামলার আসামি কাউসার মিয়াকে (২৩) গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোর ৬টার দিকে নেত্রকোনার পূর্বধলা এলাকায় তার খালার বাসা থেকে ঘুমন্ত অবস্থায় তাকে ধরা হয়। তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান নিশ্চিত হওয়ার পর পুলিশ সেখানে অভিযান চালায়।
কোতোয়ালি থানার এসআই সুফল কুমার জানান, আদালত থেকে পালিয়ে কাউসার প্রথমে বোনের বাসায় আশ্রয় নিয়েছিলেন। পরবর্তীতে বুধবার সন্ধ্যায় নিজের বাসায় এবং রাতে খালার বাসায় আত্মগোপন করেন তিনি। পালানোর ঘটনায় দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
গত মঙ্গলবার দুপুরে ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত-১ এর কাঠগড়ায় সাক্ষ্য গ্রহণের জন্য তাকে কারাগার থেকে হাজির করা হয়েছিল। হাজতখানার ইনচার্জ রিপন মোল্লা ঘটনার দিনই তার বিরুদ্ধে মামলা দায়ের করেন। কাউসার ২০২০ সালে দক্ষিণখান থানার একটি কিশোরী হত্যা মামলায় অভিযুক্ত। ২০২১ সালে পুলিশের তদন্ত প্রতিবেদন এবং ২০২২ সালে অভিযোগ গঠনের মধ্য দিয়ে তার বিচারিক প্রক্রিয়া শুরু হয়। ২০২০ সালে দক্ষিণখানে ছুরিকাঘাতে ১৭ বছরের এক কিশোরী নিহত হওয়ার ঘটনায় করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। তদন্ত শেষে ২০২১ সালে তার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ।
আকাশ নিউজ ডেস্ক 
























