ইরানে অস্ত্রশস্ত্র ও বিভিন্ন ধরনের নিষিদ্ধ পণ্য প্রবেশ ঠেকাতে স্থলপথে একটি নতুন সামরিক অভিযান শুরু করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আনুষ্ঠানিকভাবে ‘টাস্ক ফোর্স আয়রন গেট’ নামে একটি বিশেষ বাহিনী গঠনের ঘোষণা দিয়েছেন। এর মাধ্যমে ইরানের ওপর আগে থেকেই চলমান নৌ অবরোধের আওতা আরও সম্প্রসারিত করার পরিকল্পনা করেছে ওয়াশিংটন।
রোববার (৮ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প জানান, ইরানে যাতায়াত এবং দেশটি থেকে পণ্য বের হওয়ার পথ নিয়ন্ত্রণে এই নতুন বাহিনী ইতোমধ্যে পুরোদমে কাজ শুরু করেছে। তার ভাষ্যমতে, বর্তমানের বিশাল নৌ অবরোধের পাশাপাশি এই নতুন অভিযানের ফলে ইরানের পক্ষে পণ্য আমদানি বা রপ্তানি করা কঠিনতর হয়ে পড়বে। এর আগে শনিবার (৭ নভেম্বর) মার্কিন সামরিক বাহিনীর কেন্দ্রীয় কমান্ড বা সেন্টকম ২০ সদস্যের এই বিশেষ বাহিনী গঠনের বিষয়টি জানায়। আট মাসব্যাপী চলমান উত্তেজনার মধ্যেই ইরানের বন্দরগুলোতে নৌ অবরোধ জোরালো করার অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
সেন্টকমের প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার নতুন এই বাহিনী সম্পর্কে জানান, এটি ইরানের সন্ত্রাসবাদে অর্থায়ন, অস্ত্র কারখানা পুনরায় চালু করা এবং সামরিক সরঞ্জাম মজুত করার সক্ষমতাকে সীমিত করে আনবে। ফ্লোরিডায় অবস্থিত এই বিশেষ ইউনিটে সামরিক ও বেসামরিক সদস্যরা অন্তর্ভুক্ত রয়েছেন, যারা যুক্তরাষ্ট্রের বিভিন্ন সরকারি সংস্থার সঙ্গে সমন্বয় করে কার্যক্রম পরিচালনা করবেন। মূলত স্থলসীমান্ত ও কাস্পিয়ান সাগরের মাধ্যমে উন্নত অস্ত্র, দ্বৈত ব্যবহারযোগ্য প্রযুক্তি, নিষেধাজ্ঞার কবলে থাকা পণ্য এবং অবৈধ আর্থিক লেনদেন ঠেকানোই তাদের প্রধান লক্ষ্য।
এদিকে যুক্তরাষ্ট্রের এই উদ্যোগকে পুরোপুরি ব্যর্থ বলে উড়িয়ে দিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। বাহিনীটির মুখপাত্র হোসেইন মোহেবি জোর দিয়ে বলেছেন, বিভিন্ন কৌশল বা নামে ওয়াশিংটন ইরানের ওপর অর্থনৈতিক অবরোধ আরোপের যে চেষ্টা চালাচ্ছে, তা কখনোই সফল হবে না। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ফার্সের মাধ্যমে তিনি জানান, কঠোর অর্থনৈতিক চাপ প্রয়োগ করে ইরানের অর্থনীতি ধসিয়ে দেওয়া বা দেশটিকে ভেঙে ফেলার কোনো লক্ষ্যই তাদের পক্ষে অর্জন করা সম্ভব নয়। মোহেবি আরও দাবি করেন, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ইরানের বাণিজ্যিক ও কূটনৈতিক যোগাযোগ বিচ্ছিন্ন করার ক্ষমতা যুক্তরাষ্ট্রের নেই। অন্যদিকে, সেন্টকমের তথ্যমতে, মার্কিন নৌ অবরোধের প্রভাবে ইরানের বন্দরগুলোতে দেশটির প্রায় ২৫ বিলিয়ন ডলার মূল্যের অপরিশোধিত তেল রপ্তানি বর্তমানে আটকে আছে।
আকাশ নিউজ ডেস্ক 
























