প্রথম বাংলাদেশি আলোকচিত্রী হিসেবে হামদান আন্তর্জাতিক আলোকচিত্র পুরস্কারের (হিপা) গ্র্যান্ড পুরস্কার জিতে নিলেন পিনু রহমান। দুবাইয়ের ফিউচার মিউজিয়ামে আয়োজিত অনুষ্ঠানের ১৫তম আসরে তার তোলা ‘আন্ডার দ্য সেম স্কাই’ ছবিটি এই মর্যাদাপূর্ণ পুরস্কারের জন্য নির্বাচিত হয়। আগুনে পুড়ে যাওয়া কড়াইল বস্তির এক ঘরে খোলা আকাশের নিচে ঘুমিয়ে থাকা একটি পরিবারের পাঁচ সদস্যকে নিয়ে ছবিটি ধারণ করা হয়েছে। ঘরবাড়ি বা সম্পদ হারানো সত্ত্বেও পরিবারের পারস্পরিক ভালোবাসা ও অটুট বন্ধনের মানবিক বার্তাই তিনি এই কাজের মাধ্যমে তুলে ধরেছেন।
আন্তর্জাতিক এই স্বীকৃতির বিষয়ে উচ্ছ্বাস প্রকাশ করে পিনু রহমান বলেন, সবসময়ই আমি মানুষের গল্প বলতে পছন্দ করি। বিশ্বের বৃহৎ এই মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করা এবং পুরস্কার অর্জন আমার জন্য অত্যন্ত গর্বের। এই অর্জন তার কাজের দায়বদ্ধতা এবং ভিজ্যুয়াল জার্নির গুরুত্ব অনেক বাড়িয়ে দিয়েছে বলে তিনি মন্তব্য করেন। পেশায় ব্যাংকার পিনু রহমান রূপালী ব্যাংকের সাইবার সিকিউরিটি বিভাগে সহকারী মহাব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করছেন। পিরোজপুরে বেড়ে ওঠা এই আলোকচিত্রী ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে উদ্ভিদবিজ্ঞানে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। তাঁর ওই আলোকচিত্রে দেখা যায়, মাথায় পাটের বোঝা নিয়ে কাজ করছেন এক বৃদ্ধ পাটশ্রমিক।
এবারের হিপার মূল থিম ছিল ‘ফ্যামিলি’ বা পরিবার।
প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের কেবল মানুষের সম্পর্ক নয়, বরং উদ্ভিদজগৎ, খনিজ পদার্থের গঠন বা সময়ের পরিক্রমায় গড়ে ওঠা বিভিন্ন উপাদানের পারস্পরিক সংযোগের গল্প খুঁজে বের করার আহ্বান জানানো হয়েছিল। এ বছর আন্তর্জাতিক অঙ্গনে পিনু রহমানের এটিই একমাত্র অর্জন নয়। তিনি সনি ওয়ার্ল্ড ফটোগ্রাফি অ্যাওয়ার্ডস ২০২৬-এ বাংলাদেশের ন্যাশনাল অ্যাওয়ার্ড বিজয়ী হয়েছেন। পাশাপাশি ইতালির সিয়েনা ক্রিয়েটিভ ফটো অ্যাওয়ার্ডস ২০২৬-এ ‘দ্য গোল্ডেন বার্ডেন’ ছবির জন্য প্রথম পুরস্কার পেয়েছেন। একই আসরের সিয়েনা ইন্টারন্যাশনাল ফটো অ্যাওয়ার্ডসে ‘ব্যাড মর্নিং ইন আ বার্নড ভ্যালি’ ছবির জন্য তিনি ‘হাইলি কমেন্ডেড’ সম্মাননাও অর্জন করেন।
উল্লেখ্য, হিপা প্রতিযোগিতায় এবারের আসরে ‘ফ্যামিলি’ ছাড়াও স্পোর্টস ফটোগ্রাফি, পোর্টফোলিও, জেনারেল এবং কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ভিত্তিক ‘ড্রিমস থ্রু এআই’ নামে আরও চারটি বিভাগ ছিল। এর আগে হিপার ১৪তম আসরে ‘পাওয়ার’ বা শক্তি থিমের ওপর ভিত্তি করে ইতালির জানলুকা জানফেরারি গ্র্যান্ড পুরস্কার জিতেছিলেন। এছাড়া ২০১৭ সালে হিপার অষ্টম আসরে ‘দ্য মোমেন্ট’ থিমে বাংলাদেশের কে এম আসাদ প্রথম পুরস্কার পেয়েছিলেন। পাশাপাশি বিভিন্ন বছরে প্রতিযোগিতার নানা বিভাগে আরও ১৩ জন বাংলাদেশি আলোকচিত্রী বিশেষ সম্মাননা অর্জন করেছেন। পিনু রহমানের এবারের এই গ্র্যান্ড পুরস্কার বিজয়ের মাধ্যমে আন্তর্জাতিক আলোকচিত্রের এই গুরুত্বপূর্ণ আসরে বাংলাদেশের অবস্থান আরও সুদৃঢ় হলো। সংযুক্ত আরব আমিরাতের দুবাইভিত্তিক এই আন্তর্জাতিক আলোকচিত্র প্রতিযোগিতার সর্বোচ্চ পুরষ্কার এটি।
আকাশ নিউজ ডেস্ক 
























