অনাবৃষ্টির কবলে পড়ে রহমতের বৃষ্টির প্রত্যাশায় কাতারজুড়ে সালাতুল ইস্তিস্কা বা বৃষ্টির বিশেষ নামাজ আদায় করা হয়েছে। বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬ সকালে লুসাইল ঈদগাহ মাঠে আমীর শেখ তামিম বিন হামাদ আল-থানী সাধারণ মুসল্লিদের সাথে জামাতে এই নামাজে অংশগ্রহণ করেন। রাসুলুল্লাহ (সাঃ)-এর সুন্নাহ অনুসরণে আয়োজিত এই বিশেষ প্রার্থনায় অংশ নেন হাজারো ধর্মপ্রাণ মানুষ।
নামাজে আমীরের সঙ্গে উপস্থিত ছিলেন তার ব্যক্তিগত প্রতিনিধি শেখ জসিম বিন হামাদ আল-থানী, শেখ আবদুল্লাহ বিন খলিফা আল-থানী, শেখ মোহাম্মদ বিন খলিফা আল-থানী এবং শেখ জসিম বিন খলিফা আল-থানী। এছাড়া শুরা কাউন্সিলের স্পিকার হাসান বিন আবদুল্লাহ আল-গানেমসহ সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রী, রাজপরিবারের সদস্য, শুরা কাউন্সিলের সদস্য এবং উচ্চপদস্থ সরকারি কর্মকর্তারা কাতারের সাধারণ নাগরিক ও প্রবাসীদের সাথে নামাজে শরিক হন।
নামাজ ও মোনাজাত শেষে খুতবা প্রদান করেন বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ ডা. ইয়াহিয়া বাত্তি আল-নুআইমি। তিনি সমবেত মুসল্লিদের উদ্দেশ্যে বলেন, অনাবৃষ্টি বা বৃষ্টিতে বিলম্ব মানুষকে মহান সৃষ্টিকর্তার ওপর পূর্ণ নির্ভরতার বিষয়টি স্মরণ করিয়ে দেয়। তিনি উপস্থিত সবাইকে বিনম্র চিত্তে তওবা করা, বেশি বেশি ইস্তিগফার পাঠ এবং দান-সদকার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনের আহ্বান জানান।
খুতবায় পানিকে মহান আল্লাহর এক অশেষ নিয়ামত হিসেবে উল্লেখ করেন ডা. ইয়াহিয়া বাত্তি আল-নুআইমি। তিনি দেশের নাগরিক ও প্রবাসীদের উদ্দেশ্যে পানি ব্যবহারের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন, অপচয় রোধ এবং প্রতিটি নিয়ামতের জন্য শুকরিয়া আদায় করার প্রয়োজনীয়তা গুরুত্বসহকারে তুলে ধরেন। যথাযথ নিয়মে পানির ব্যবহার নিশ্চিত করাই একজন মুমিনের দায়িত্ব বলে তিনি মন্তব্য করেন।
আকাশ নিউজ ডেস্ক 























