ইউরোপীয় ইউনিয়নের শেনজেন অঞ্চলে ভ্রমণের ক্ষেত্রে ভিসা জটিলতা কমতে পারে উপসাগরীয় অঞ্চলের পাঁচটি দেশের নাগরিকদের জন্য। সৌদি আরব, কাতার, বাহরাইন, কুয়েত ও ওমানের নাগরিকদের ভিসামুক্ত ভ্রমণের পথ প্রশস্ত করার লক্ষ্যে কাজ শুরু করেছে ইইউ। এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে ইউরোপীয় ইউনিয়নের কাউন্সিল। গত ১৯ অক্টোবর আয়োজিত সভায় কাউন্সিল এই পাঁচটি দেশের জন্য ভিসা শর্ত শিথিল করার বিষয়ে ইউরোপীয় কমিশনের প্রস্তাবনার প্রতি ইতিবাচক মনোভাব ব্যক্ত করে। ভিসা-সংক্রান্ত সংবাদমাধ্যম ভিসানিউজের প্রতিবেদনে বলা হয়েছে, গত ১৯ অক্টোবর ইউরোপীয় ইউনিয়নের কাউন্সিল এ বিষয়ে পাঁচটি পৃথক সিদ্ধান্ত নেয়।
তবে এই ঘোষণা মানেই তাৎক্ষণিকভাবে ভিসা ছাড়া ভ্রমণের সুযোগ নয়। শেনজেন অঞ্চলে প্রবেশের জন্য এই দেশগুলোকে বেশ কিছু মানদণ্ড পূরণ করতে হবে। ইউরোপীয় ইউনিয়ন মূলত সীমান্ত ব্যবস্থাপনা, ভ্রমণ নথির নিরাপত্তা, অভিবাসন পরিস্থিতি এবং নিরাপত্তা সহযোগিতার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো কঠোরভাবে মূল্যায়ন করবে। পাশাপাশি এই প্রক্রিয়া সম্পন্ন করতে বেশ কিছু আইনি ধাপ পার হতে হবে ইইউকে। ফলে চূড়ান্ত সিদ্ধান্ত কার্যকর হতে এখনো কিছুটা সময় প্রয়োজন।
বর্তমানে সংশ্লিষ্ট দেশগুলোর নাগরিকদের জন্য শেনজেন ভিসার নিয়ম আগের মতোই বলবৎ রয়েছে। ভিসামুক্ত ভ্রমণের সুবিধাটি কখন থেকে কার্যকর হবে, সে বিষয়ে নির্দিষ্ট কোনো তারিখ এখনো ঘোষণা করা হয়নি। তাই ভ্রমণকারী নাগরিকদের পরবর্তী আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত বিদ্যমান ভিসা ব্যবস্থা অনুসরণ করে শেনজেন এলাকায় যাতায়াত করতে হবে। এদিকে, সংযুক্ত আরব আমিরাতের নাগরিকেরা ২০১৫ সাল থেকেই এই বিশেষ সুবিধা ভোগ করছেন। নতুন উদ্যোগটি সফলভাবে বাস্তবায়িত হলে সৌদি আরবসহ বাকি দেশগুলোর নাগরিকেরাও সেই তালিকায় যুক্ত হবেন।
ভবিষ্যতে এই ভিসামুক্ত সুবিধা চালু হলে ভ্রমণকারীদের নতুন ইলেকট্রনিক ভ্রমণ অনুমোদন বা ‘ইটিআইএএস’ (ETIAS) প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হতে পারে। অর্থাৎ সম্পূর্ণ ভিসামুক্ত না হলেও একটি সহজতর ডিজিটাল অনুমোদনের মাধ্যমে প্রবেশাধিকার পাওয়ার সম্ভাবনা রয়েছে। চূড়ান্ত নিয়মাবলি এবং কার্যকর হওয়ার সময়সীমা ঘোষণা করা হলেই বিষয়টি সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
আকাশ নিউজ ডেস্ক 






















