রানওয়ে সংস্কারের বড় একটি প্রকল্পের অংশ হিসেবে পুরো নভেম্বর মাস বন্ধ রাখা হচ্ছে ইতালির অন্যতম ব্যস্ত নেপলস আন্তর্জাতিক বিমানবন্দর। গত ১ নভেম্বর থেকে শুরু হওয়া এই সাময়িক বন্ধের কারণে বিমানবন্দরটি থেকে এই পুরো মাস কোনো নিয়মিত যাত্রীবাহী ফ্লাইট ওঠানামা করবে না। আগামী ৩০ নভেম্বরের মধ্যে কাজ সম্পন্ন করে বিমানবন্দরটি পুনরায় সচল করার পরিকল্পনা রয়েছে কর্তৃপক্ষের। রোম ও মিলানের পর দেশের ব্যস্ত বিমানবন্দরগুলোর মধ্যে এর অবস্থান উল্লেখযোগ্য।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সানের তথ্য অনুযায়ী, নেপলস ক্যাপোডিকিনো বিমানবন্দরের এই রানওয়ে সংস্কারে ব্যয় ধরা হয়েছে প্রায় ৩ কোটি ইউরো। এটি মূলত বিমানবন্দরের অবকাঠামো উন্নয়নে হাতে নেওয়া ২৫ কোটি ইউরোর একটি বৃহত্তর প্রকল্পের অংশ। বিমানবন্দর পরিচালনাকারী কর্তৃপক্ষ জিইএসএসি জানিয়েছে, আন্তর্জাতিক বিমান চলাচলের নিরাপত্তা মানদণ্ড নিশ্চিত করতেই এই সংস্কার জরুরি হয়ে পড়েছিল। বছরের অন্য সময়ের তুলনায় নভেম্বরে যাত্রী চাপ কম থাকায় এই মাসটিকে কাজের জন্য বেছে নেওয়া হয়েছে, যাতে যাত্রীদের ভোগান্তি সর্বনিম্ন পর্যায়ে থাকে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সানের ৩১ অক্টোবরের প্রতিবেদনে বলা হয়েছে, নেপলস ক্যাপোডিকিনো বিমানবন্দরের রানওয়ে সংস্কারে ব্যয় হচ্ছে প্রায় ৩ কোটি ইউরো।
নেপলস বিমানবন্দর ইতালির অন্যতম প্রধান যোগাযোগকেন্দ্র। প্রতিবছর প্রায় ১ কোটি ৩০ লাখ যাত্রী এই বিমানবন্দর ব্যবহার করেন। ২০৩৫ সালের মধ্যে বছরে ১ কোটি ৭৩ লাখ যাত্রী সামলানোর লক্ষ্য নিয়ে কর্তৃপক্ষ দীর্ঘমেয়াদী উন্নয়ন পরিকল্পনা সাজিয়েছে। এই সংস্কারের ফলে ভবিষ্যতে বড় আকারের ফ্লাইট পরিচালনা ও যাত্রী সেবার মান বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। নিরাপত্তাব্যবস্থা আধুনিক করা এবং ভবিষ্যতে আরও বেশি যাত্রী ও ফ্লাইট পরিচালনার সক্ষমতা তৈরি করাই এই প্রকল্পের মূল উদ্দেশ্য। এতে তুলনামূলকভাবে কম যাত্রীর ভ্রমণ পরিকল্পনা ক্ষতিগ্রস্ত হবে বলে আশা করছে কর্তৃপক্ষ।
এখান থেকে নিয়মিত ফ্লাইট পরিচালনাকারী রায়ানএয়ার, ইজিজেট ও উইজ এয়ারের মতো বিমান সংস্থাগুলোর যাত্রীদের বিশেষ সতর্কতার পরামর্শ দেওয়া হয়েছে। লন্ডন, ম্যানচেস্টার ও এডিনবরাসহ বিভিন্ন গন্তব্যের যাত্রীদের নতুন সময়সূচি সম্পর্কে জানতে স্ব স্ব এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে। বিকল্প হিসেবে সালেরনো পন্তেকানিয়ানো বিমানবন্দরকে বেছে নেওয়া হয়েছে। ১ নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত সালেরনো থেকে আমস্টারডাম, বার্সেলোনা, দুবাই, মাদ্রিদ ও প্যারিসসহ ১৫টি গন্তব্যে ফ্লাইট পরিচালিত হবে। যাত্রীদের যাতায়াতের সুবিধার্থে পিয়াজা গারিবালদি থেকে সালেরনো বিমানবন্দর পর্যন্ত বিশেষ বাস সার্ভিস চালু করা হয়েছে, যেখানে ভাড়া ১২ ইউরো। এছাড়া ট্রেনে যাতায়াতের ক্ষেত্রেও প্রায় পাঁচ ব্রিটিশ পাউন্ডের মতো খরচ হতে পারে। তবে সব ফ্লাইট সালেরনোতে স্থানান্তর করা সম্ভব হয়নি, তাই যাত্রার আগে বিস্তারিত তথ্য জেনে নেওয়াই বুদ্ধিমানের কাজ হবে। সেখান থেকে শাটল বাসে নেপলসে যেতে ভাড়া লাগবে ১২ ইউরো।
আকাশ নিউজ ডেস্ক 




















