বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণ ও দুই দেশের অর্থনৈতিক সম্পর্ককে আরও উচ্চতায় নিয়ে যাওয়ার লক্ষ্যে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্থানীয় সময় আজ সকাল ১১টা ৪৫ মিনিটে জাপানের টোকিওতে জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশন (জেটরো)-এর প্রেসিডেন্ট কাতাওকা সুসুমুর সঙ্গে আয়োজিত এক দ্বিপক্ষীয় বৈঠকে তিনি এই আহ্বান জানান। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাহাদাৎ স্বাধীন বিষয়টি নিশ্চিত করেছেন।
বৈঠকে প্রধানমন্ত্রী উল্লেখ করেন যে, বাংলাদেশে জাপানি বিনিয়োগের নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। তিনি জেটরোর ভূমিকার প্রশংসা করে বলেন, বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলগুলোতে অটোমোবাইল, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি), উন্নত উৎপাদনশিল্প, নবায়নযোগ্য জ্বালানি এবং কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ খাতে জাপানি বিনিয়োগের বড় সুযোগ রয়েছে। দুই দেশের মধ্যে অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি স্বাক্ষর বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ককে আরও গতিশীল করবে বলেও উভয় পক্ষ আশাবাদ ব্যক্ত করে।
বাংলাদেশের দক্ষতা উন্নয়ন কর্মসূচির মানোন্নয়ন এবং জাপানি ভাষা প্রশিক্ষণকেন্দ্র স্থাপনে জাপানের সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী। এই উদ্যোগগুলো জাপানে কর্মসংস্থান সৃষ্টি এবং দুই দেশের দীর্ঘমেয়াদী অর্থনৈতিক অংশীদারত্ব সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে বৈঠকে আলোচনা করা হয়। জেটরোর প্রেসিডেন্ট কাতাওকা সুসুমু বাংলাদেশের ভৌগোলিক অবস্থান ও অর্থনৈতিক প্রবৃদ্ধির ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের বিভিন্ন উন্নয়নমুখী পদক্ষেপ ও বিনিয়োগবান্ধব নীতির কারণে জাপানি কোম্পানিগুলোর মধ্যে বাংলাদেশে ব্যবসা করার আগ্রহ উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে।
বৈঠকটিতে বাংলাদেশের প্রতিনিধি দলের অংশ হিসেবে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। এছাড়া প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী শাকিরুল ইসলাম খান ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
আকাশ নিউজ ডেস্ক 























