গভীর রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক বিভাজনের কারণে ইসরাইল বর্তমানে গৃহযুদ্ধ বা রাষ্ট্রীয় কাঠামোর ধসের মারাত্মক ঝুঁকিতে রয়েছে বলে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ সতর্ক করেছে। সিআইএ-র বিশেষ শাখা ‘রেড সেল’-এর প্রস্তুত করা ‘ফ্র্যাকচার ফ্রম উইথিন’ বা ‘ভেতর থেকে ফাটল’ শীর্ষক এক গোপন মূল্যায়নে এমন উদ্বেগের কথা প্রকাশ পেয়েছে, যা সোমবার (০৪ অক্টোবর) প্রকাশিত হয়।
দেশটিতে আসন্ন নির্বাচনের পূর্বে বিভিন্ন জটিল সংকট পুঞ্জীভূত হয়ে পরিস্থিতিকে চরম অস্থির করে তুলেছে। অর্থনৈতিক মন্দার পাশাপাশি আকাশচুম্বী সামরিক ব্যয় এবং পশ্চিম তীরে ইসরাইলি বসতি স্থাপনকারীদের ক্রমবর্ধমান সহিংসতা জনমনে তীব্র ক্ষোভের জন্ম দিয়েছে। এছাড়া অতি-অর্থোডক্স ইহুদিদের বাধ্যতামূলক সামরিক সেবা থেকে অব্যাহতি দেওয়া নিয়ে সাধারণ নাগরিকদের মধ্যে অসন্তোষ দীর্ঘস্থায়ী হয়েছে, যা দেশের অভ্যন্তরীণ সংহতিকে দুর্বল করে দিয়েছে।
প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দীর্ঘ সময় ক্ষমতায় টিকে থাকার রাজনৈতিক লড়াই ইসরাইলের সাংবিধানিক ও রাজনৈতিক সংকটকে আরও গভীর ও জটিল করেছে। গাজা, লেবানন ও ইরানে দীর্ঘমেয়াদি সামরিক অভিযানের ফলে সৃষ্ট টানা যুদ্ধ পরিস্থিতি ইসরাইলি সমাজের পুরোনো বিভাজনগুলোকে আরও স্পষ্ট করেছে। যুদ্ধে অংশ নেওয়া অনেক সেনা ও রিজার্ভিস্ট গভীর মানসিক ট্রমা নিয়ে বাড়ি ফিরছেন, যা দেশের সামাজিক স্থিতিশীলতাকে চ্যালেঞ্জের মুখে ফেলেছে।
সিআইএ-র প্রতিবেদনে আন্তর্জাতিক পর্যায়ে ইসরাইলের ক্রমবর্ধমান একাকীত্ব এবং খোদ যুক্তরাষ্ট্রেও দেশটিকে নিয়ে জনসমর্থন কমে যাওয়ার বিষয়টিকে গুরুত্বপূর্ণ অনুঘটক হিসেবে চিহ্নিত করা হয়েছে। বাইরের এই ভূ-রাজনৈতিক চাপ ও অভ্যন্তরীণ অস্থিতিশীলতা সম্মিলিতভাবে ইসরাইলের রাষ্ট্রীয় অস্তিত্বকে এক অভূতপূর্ব ঝুঁকির মুখে ঠেলে দিয়েছে বলে মনে করছে মার্কিন সংস্থাটি।
আকাশ নিউজ ডেস্ক 





















