সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার নিমগাছী বাজার এলাকায় গ্রামীণ ব্যাংকের অডিট কার্যক্রম চলাকালে আব্দুস সালাম (৫০) নামে এক শাখা ব্যবস্থাপক প্রাণ হারিয়েছেন। পাবনার ঈশ্বরদী উপজেলা সদরের বাসিন্দা এই ব্যাংক কর্মকর্তা কয়েকদিন ধরে চলমান অডিট কার্যক্রম নিয়ে চরম মানসিক চাপের মধ্যে ছিলেন বলে জানা গেছে।
ঘটনার দিন মঙ্গলবার সন্ধ্যায় অডিট কার্যক্রম চলাকালীন আব্দুস সালামকে অতিরিক্ত ঘামতে দেখে সহকর্মীরা উদ্বেগের সাথে তার শারীরিক অবস্থা সম্পর্কে জানতে চান। জবাবে তিনি বলেন, ‘আমাকে বাঁচতে দেওয়া হলো না।’ সেই সঙ্গে তিনি উপস্থিত কর্মকর্তাদের কাছে গ্যাস ট্যাবলেট সেবনের বিষয়টি অকপটে স্বীকার করেন। দ্রুত তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তিনি মৃত্যুবরণ করেন।
ব্যাংক কর্মকর্তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে স্থানীয় জনতা ও ব্যাংকের মাঠকর্মীরা অডিট কমিটির সদস্যদের অবরুদ্ধ করে ফেলেন। পরে পরিস্থিতি শান্ত করতে রাতে পুলিশ এসে অডিট কমিটির প্রধান জুলফিকারসহ তিন সদস্যকে থানায় নিয়ে যায়। এ বিষয়ে রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসানুজ্জামান জানান, মৃত ব্যাংক কর্মকর্তার মৃত্যুর পেছনে অডিট কমিটির কোনো সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা খতিয়ে দেখতে পুলিশের তদন্ত কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে।
আকাশ নিউজ ডেস্ক 



















