নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মেঘনা নদীতে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজের দুইদিন পর তিন ভাই-বোনের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার সকাল ৮টার দিকে বৈদ্যার বাজার এলাকায় আল-মোস্তফা ফ্যাক্টরির সামনে মেঘনা নদীতে মরদেহগুলো ভাসমান অবস্থায় দেখতে পান স্থানীয়রা। পরবর্তীতে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও নৌ-পুলিশ যৌথভাবে উদ্ধার তৎপরতা চালিয়ে মরদেহগুলো উদ্ধার করে। প্রাণ হারানোরা হলেন হেলাল উদ্দিনের সন্তান সজীব হোসেন (২৪), সামিয়া আক্তার (১৭) এবং পাঁচ বছর বয়সী সামিন হোসেন। নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মেঘনা নদীতে ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজের দুইদিন পর ৩ ভাই-বোনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
ঘটনার সূত্রপাত গত বৃহস্পতিবার বিকেলে। ওইদিন কুমিল্লার শ্রীমন্দী গ্রাম থেকে একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দেওয়ার উদ্দেশ্যে ১৩ জন যাত্রীসহ ট্রলারটি সোনারগাঁওয়ের মায়াময়ী গ্রামের দিকে রওনা হয়েছিল। ট্রলারে গরু-ছাগলও ছিল। পথিমধ্যে মেঘনা নদীর মাঝখানে ঝড়ের কবলে পড়ে ট্রলারটি উল্টে ডুবে যায়। দুর্ঘটনার সময় আটজন যাত্রী সাঁতরে তীরে উঠতে সক্ষম হন। এর পরপরই এক নারীকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সেদিন উদ্ধারকাজ চালানো হলেও রাত সাড়ে ১০টার দিকে নদীর পরিস্থিতি এবং অন্ধকারের কারণে অভিযান স্থগিত করতে হয়েছিল। পরে ঢাকার ডুবুরি দল এসে রাত সাড়ে ১০টা পর্যন্ত অভিযান চালায়।
শুক্রবার সকাল ৭টা থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও কোস্ট গার্ডের সদস্যরা পুনরায় তল্লাশি শুরু করেন। দিনব্যাপী অভিযান চালিয়ে ডুবে যাওয়া ট্রলারটি শনাক্ত করা গেলেও তখন নিখোঁজ চারজনের কোনো সন্ধান পাওয়া যায়নি। সে সময় উদ্ধারকারী দল ট্রলারের ভেতর থেকে দুটি গরু ও একটি খাসির মৃতদেহ পায়। নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানিয়েছেন, শনিবার সকালে নিখোঁজ চারজনের মধ্যে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বর্তমানে নিখোঁজ অপর ব্যক্তির সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
আকাশ নিউজ ডেস্ক 


















