সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি ছড়িয়ে পড়েছে, যেখানে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে করমর্দন করতে দেখা যাচ্ছে। ছবিটির মাধ্যমে দাবি করা হচ্ছে যে, জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে গিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান নেতানিয়াহুর সঙ্গে সাক্ষাৎ করেছেন। তবে অনুসন্ধানে জানা গেছে, ছবিটি সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি বা সম্পাদিত। প্রথম লিংক, দ্বিতীয় লিংক, তৃতীয় লিংক, চতুর্থ লিংক, পঞ্চম লিংক।
প্রকৃতপক্ষে, ছড়িয়ে পড়া ছবিটি পাকিস্তানের প্রধানমন্ত্রী মুহাম্মদ শাহবাজ শরিফের সঙ্গে তারেক রহমানের দ্বিপক্ষীয় বৈঠকের একটি ছবির পরিবর্তিত রূপ। গত ২৪ সেপ্টেম্বর নিউইয়র্কে দুই প্রধানমন্ত্রীর এই দ্বিপক্ষীয় বৈঠকটি অনুষ্ঠিত হয়। সেই বৈঠক নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ফেসবুক পেজে ‘PMO Bangladesh – প্রধানমন্ত্রীর কার্যালয়’ থেকে ছবি ও ভিডিও প্রকাশ করা হয়েছিল। সেই অরিজিনাল ছবিতে তারেক রহমানের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে করমর্দনরত অবস্থায় দেখা যায়।
উভয় ছবির দৃশ্যপট বিশ্লেষণ করলে সুস্পষ্ট মিল পাওয়া যায়। তারেক রহমানের পোশাক, বিশেষ করে তাঁর লালচে রঙের টাই, গলায় ঝোলানো আইডি কার্ড, পেছনের দরজার হাতল এবং দুই নেতার শারীরিক অবস্থান হুবহু মিলে যায়। এসব মিল নিশ্চিত করে যে, মূল ছবির শাহবাজ শরিফের অবয়ব সরিয়ে সেখানে এআই বা সম্পাদনা কৌশলের মাধ্যমে ইসরায়েলি প্রধানমন্ত্রীর ছবি বসানো হয়েছে।
ছবিটি এআই দ্বারা তৈরি কি না, তা যাচাই করতে ‘হাইভ মডারেশন’ এবং ‘ইমেজ হুইসপারার’ নামক দুটি স্বয়ংক্রিয় টুল ব্যবহার করা হয়। উভয় টুলের বিশ্লেষণেই এটি এআই দ্বারা তৈরি হওয়ার সম্ভাবনা শতভাগ বলে প্রমাণিত হয়েছে। এছাড়া গুগল সিন্থআইডি (SynthID) ব্যবহার করে ছবিটির বিভিন্ন অংশে ডিজিটাল ওয়াটারমার্কের অস্তিত্ব পাওয়া গেছে, যা ছবিটির কৃত্রিম হওয়ার অকাট্য প্রমাণ দেয়।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছিলেন। তাঁর সফরসূচি সম্পর্কে ২০ সেপ্টেম্বর পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম বিস্তারিত জানিয়েছিলেন। সেই সময়সূচি অনুযায়ী, জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসসহ বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানদের সঙ্গে তাঁর বৈঠকের কথা থাকলেও ইসরায়েলের প্রধানমন্ত্রীর সঙ্গে কোনো বৈঠকের পরিকল্পনা ছিল না। প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর ২০২৬ নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়েন।
২৪ সেপ্টেম্বর নিউইয়র্কের স্থানীয় সময় বিকেলে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সাধারণ বিতর্কে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলায় বক্তব্য রাখেন। তাঁর সফর নিয়ে প্রকাশিত সকল নির্ভরযোগ্য সংবাদ প্রতিবেদনে পাকিস্তানের প্রধানমন্ত্রী, ইরানের প্রেসিডেন্ট, তুরস্কের প্রেসিডেন্ট, ভুটানের প্রধানমন্ত্রী ও মালদ্বীপের ভাইস প্রেসিডেন্টসহ বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে বৈঠকের তথ্য পাওয়া গেছে। তবে নেতানিয়াহুর সঙ্গে কোনো বৈঠক বা সাক্ষাতের কোনো তথ্য বা নির্ভরযোগ্য সংবাদ প্রতিবেদন কোথাও পাওয়া যায়নি।
সব মিলিয়ে, সামাজিক মাধ্যমে প্রচারিত ছবিটি পুরোপুরি ভুয়া এবং তা প্রযুক্তিগত জালিয়াতির মাধ্যমে তৈরি। নির্ভরযোগ্য তথ্যপ্রমাণের অভাবে এই সাক্ষাতের দাবির কোনো ভিত্তি খুঁজে পাওয়া যায়নি।
আকাশ নিউজ ডেস্ক 





















