আকাশ স্পোর্টস ডেস্ক:
দীর্ঘ ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ খেলতে গেছে বাংলাদেশ। দুই ম্যাচের সিরিজকে সামনে রেখে ইতোমধ্যে ডারউইনে পৌঁছে প্রথম দিনের অনুশীলনও সম্পন্ন করেছেন মুশফিকুর রহিম, তাইজুল ইসলামরা। প্রথম দিনের প্রস্তুতিতে সন্তুষ্টি প্রকাশ করেছেন অভিজ্ঞ বাঁহাতি স্পিনার তাইজুল।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রকাশিত এক ভিডিও বার্তায় তাইজুল জানান, অস্ট্রেলিয়ায় যাত্রা এবং প্রথম দিনের প্রস্তুতি পরিকল্পনা অনুযায়ী হয়েছে। তিনি বলেন, ‘যাত্রাটা ভালো ছিল। মাঝপথে ট্রানজিটে পর্যাপ্ত বিশ্রামের সুযোগ পেয়েছি, তাই এসে খুব একটা ক্লান্ত লাগেনি।’
অনুশীলনের প্রথম দিনেই দলের ক্রিকেটাররা সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করতে পেরেছেন বলেও জানান তিনি। তাইজুলের ভাষায়, ‘সব মিলিয়ে ভালো প্রস্তুতি হয়েছে। উইকেটে অনুশীলন, ফিল্ডিং, রানিং সব করতে পেরেছি। আশা করছি, সামনে আরও ভালোভাবে নিজেদের প্রস্তুত করতে পারব।’
অস্ট্রেলিয়া সফরে বাংলাদেশ দুটি টেস্ট খেলবে। সিরিজের প্রথম ম্যাচটি শুরু হবে ১৩ আগস্ট ডারউইনে। দ্বিতীয় ও শেষ টেস্ট অনুষ্ঠিত হবে ২২ আগস্ট ম্যাকাইয়ে।
এর আগে ম্যাচ প্রস্তুতির অংশ হিসেবে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে তিন দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। সেই ম্যাচ দিয়েই কন্ডিশনের সঙ্গে আরও ভালোভাবে মানিয়ে নেওয়ার সুযোগ পাবেন শান্ত-তাইজুলরা।
আকাশ নিউজ ডেস্ক 


















