আকাশ জাতীয় ডেস্ক:
রাজধানীর ভাটারা থানার নতুন বাজার ১০০ ফিট এলাকার একটি বাসায় গ্যাসলাইন লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের তিন সদস্য দগ্ধ হয়েছে। এর মধ্যে ৬ ঘণ্টার ব্যবধানে চিকিৎসাধীন দুজন মারা গেছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) রাত ১২টার দিকে জাতীয় বার্ন ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ৮ বছর বয়সি হাফসার মৃত্যু হয়। শুক্রবার (২৪ জুলাই) সকাল ৬টার দিকে একই আইসিইউতে চিকিৎসাধীন হাফসার মামা শাহীনের মৃত্যু হয়। অর্থাৎ মাত্র ৬ ঘণ্টার ব্যবধানে প্রাণ হারান মামা-ভাগ্নি।
মঙ্গলবার (২১ জুলাই) ভোরের দিকে নতুন বাজার ১০০ ফিট এলাকার একটি ছয়তলা ভবনের নিচতলায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের পর দগ্ধ অবস্থায় শাহীন, ফাহিমা এবং হাফসাকে উদ্ধার করে সকাল সাড়ে ৫টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। পরে তাদের হাসপাতালে ভর্তি করা হয়।
দগ্ধদের হাসপাতালে নিয়ে আসা প্রতিবেশী মো. জসিম জানান, শাহীন একটি দোকানের কর্মচারী ছিলেন। তিনি পরিবার নিয়ে ভাটারা থানাধীন নতুন বাজার ১০০ ফিট রোডের একটি ছয়তলা ভবনের নিচতলায় ভাড়া থাকতেন। মঙ্গলবার ভোরে হঠাৎ বিকট শব্দে গ্যাসলাইন লিকেজ থেকে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের পর তারা ঘটনাস্থলে গিয়ে দগ্ধ তিনজনকে উদ্ধার করে দ্রুত জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসেন।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, শাহিনের শরীরের প্রায় ৫০ শতাংশ দগ্ধ ছিল। হাফসার শরীরের ৪০ শতাংশ দগ্ধ হয়েছিল। এছাড়া শাহিনের স্ত্রী ফাহিমা এখনো হাসপাতালে ভর্তি রয়েছেন। তার শরীরের ৪৫ শতাংশ দগ্ধ হয়েছে এবং তার অবস্থাও আশঙ্কাজনক।
আকাশ নিউজ ডেস্ক 



















