আকাশ জাতীয় ডেস্ক:
রাজধানীর ফার্মগেট এলাকার পশ্চিম তেজতুরী বাজার জামে মসজিদ প্রাঙ্গণ থেকে মোবারক হোসেন (৬৯) নামে এক ব্যক্তি তিন দিন ধরে নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় তেজগাঁও থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
মোবারক হোসেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী তৈমুর খান মবিনের বাবা।
পরিবারের দাবি, মঙ্গলবার (৬ জুন) সকাল ১০টার দিকে তিনি নিখোঁজ হন। গত তিন দিন ধরে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
পরিবার সূত্রে জানা গেছে, বয়সজনিত কারণে তার মস্তিষ্কে কিছু জটিলতা রয়েছে এবং তিনি চিকিৎসাধীন। তিনি নিয়মিত নামাজ আদায়ের জন্য মসজিদে যেতেন এবং সবসময় সঙ্গে মোবাইল ফোন রাখতেন। তবে নিখোঁজ হওয়ার পর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে।
পরিবার জানায়, নিখোঁজ মোবারক হোসেনের পরনে ছিল হালকা লেবু রঙের পাঞ্জাবি ও কালো জুতা। তার মুখে সাদা দাড়ি রয়েছে। তিনি মাঝারি উচ্চতার, স্বাস্থ্যবান গড়নের এবং মুখে অল্পসংখ্যক দাঁত রয়েছে।
তেজগাঁও থানার ওসি কৈশ্যনুর জানান, এ বিষয়ে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। বিষয়টি পুলিশ সদর দপ্তর ও বিভিন্ন মাধ্যমে জানানো হয়েছে। পাশাপাশি মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে তাকে খুঁজে বের করার সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে।
আকাশ নিউজ ডেস্ক 


















