আকাশ স্পোর্টস ডেস্ক :
বাংলাদেশের তরুণ পেসার নাহিদ রানার আগুনঝরা বোলিংয়ে মুগ্ধ পেস বোলিং কোচ শন টেইট। নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে নাহিদের ইয়র্কার দেখে সাবেক পাকিস্তানি কিংবদন্তি ওয়াকার ইউনিসের কথা মনে পড়েছে বলে জানিয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক এই গতিতারকা।
ঢাকা থেকে চট্টগ্রামে সিরিজের লড়াই সরলেও নাহিদের দুর্দান্ত বোলিংয়ের আলোচনা থামেনি। তীব্র গরমের মধ্যেও দ্বিতীয় ম্যাচে ৫ উইকেট নিয়ে ম্যাচসেরা পারফরম্যান্স করেন তিনি। সংবাদ সম্মেলনে টেইটের কথাতেও ঘুরেফিরে এসেছে নাহিদের নাম।
টেইট বলেন, নাহিদের সঙ্গে তার কিছু মিল থাকলেও বড় পার্থক্য হলো ফিটনেসে। তার ভাষায়, নাহিদ অনেক বেশি ফিট, ছিপছিপে ও শক্তিশালী। ফাস্ট বোলার হিসেবে তার শারীরিক গঠন দারুণ, যা কঠিন গরমে ও টানা ম্যাচ খেলতেও তাকে এগিয়ে রাখছে।
নিজের ক্যারিয়ারে চোটের কারণে ভুগতে হয়েছিল টেইটকে। সেই জায়গায় নাহিদকে অনেক এগিয়ে দেখছেন তিনি।
তবে সবচেয়ে বেশি মুগ্ধ হয়েছেন নাহিদের ইয়র্কারে। টেইট বলেন, গত ম্যাচে তার ইয়র্কারগুলো ওয়াকার ইউনিসের সেরা সময়ের কথা মনে করিয়ে দিয়েছে। একজন ফাস্ট বোলার টপ অর্ডারে উইকেট নেওয়ার পর দ্রুত ইয়র্কারে লেজের ব্যাটসম্যানদের বিদায় করছে, এ দৃশ্য তার দারুণ লাগে।
নাহিদের পাঁচ উইকেটের শেষটিও ছিল দুর্দান্ত এক ইয়র্কারে। জেডন লেনক্স সেই বলের কোনো জবাবই দিতে পারেননি। ম্যাচজুড়ে আরও কয়েকটি নিখুঁত ইয়র্কার করেছেন এই ডানহাতি পেসার।
গতি ও বাউন্স নাহিদের বড় শক্তি। সঙ্গে লাইন-লেংথ ও ধারাবাহিকতায়ও উন্নতি দেখা যাচ্ছে। ইয়র্কার নিয়মিত করতে পারলে তিনি আরও ভয়ংকর হয়ে উঠবেন বলেই মনে করা হচ্ছে।
স্লোয়ার ডেলিভারিও নাহিদের অস্ত্রভাণ্ডারে আছে, তবে সেটি এখনো পুরোপুরি শাণিত নয়। টেইট অবশ্য এখনই তাকে অনেক কিছু শেখানোর পক্ষে নন।
তার মতে, আধুনিক ক্রিকেটে বিশেষ করে টি-টোয়েন্টিতে নানা বৈচিত্রের চাহিদা থাকলেও নাহিদের জন্য এখন সবচেয়ে জরুরি বিষয় হলো সহজ থাকা এবং নিজের মূল শক্তি গতি ও বাউন্স ব্যবহার করা।
টেইট বলেন, অন্য অনেক বোলারের উইকেট নিতে বাড়তি বৈচিত্র দরকার হয়, কিন্তু নাহিদের ভয়ংকর বাউন্সারই বড় অস্ত্র। এই মুহূর্তে শর্ট বলেই অনেক উইকেট পাচ্ছে সে। সময়ের সঙ্গে আরও উন্নতি করবে, তবে আপাতত শুধু গতিতেই প্রতিপক্ষকে কাঁপানো উচিত তার।
আকাশ নিউজ ডেস্ক 

























