আকাশ স্পোর্টস ডেস্ক :
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনে ব্যাপক অনিয়ম হয়েছে এমন দাবি তুলে জাতীয় ক্রীড়া পরিষদে (এনএসসি) আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছেন তামিম ইকবালসহ ঢাকার শীর্ষস্থানীয় ৫০টি ক্লাবের কর্তারা। তবে বর্তমান বোর্ডকে এখনই সরাসরি অবৈধ দাবি না করে পুরো নির্বাচন প্রক্রিয়ার সুষ্ঠু তদন্ত চেয়েছেন তারা।
এনএসসিতে অভিযোগপত্র জমা দেওয়ার পর গণমাধ্যমের মুখোমুখি হন তামিম ইকবাল। সেখানে এই বাঁহাতি ওপেনার বলেন, ‘আজকে আমরা একটা ফরমাল কমপ্লেইন করতে এসেছি। সবচেয়ে অবাক করা বিষয় হলো, ঢাকার ৭৬টি ক্লাবের মধ্যে ৫০টি ক্লাবই অভিযোগ জানিয়েছে যে নির্বাচন প্রক্রিয়া সঠিকভাবে হয়নি। এটাই তো অনেক কিছু প্রমাণ করে দেয়। আবাহনী-মোহামেডানের মতো দেশের সবচেয়ে বড় দুটি ক্লাবসহ সবাই এই বিষয়ে একমত।’
বর্তমান পর্ষদকে অবৈধ মানছেন কি না এমন প্রশ্নের জবাবে তামিম বলেন, ‘এটা তো সময় বলবে। আমরা সঠিক পথে আবেদন করেছি। এগুলো সবই দ্বিতীয় বিষয়। সবচেয়ে বড় কথা হলো, ক্লাবগুলো একমত না হওয়ার কারণেই লিগগুলো অনিশ্চিত হয়ে আছে। খেলা যে হচ্ছে না, সেটা আমরা ভুলেই যাচ্ছি। বোর্ডকে উত্তর দিতে হবে যে কেন খেলা হচ্ছে না।’
ঘরোয়া ক্রিকেট বন্ধ থাকায় সাধারণ ক্রিকেটারদের দুর্দশার কথা স্মরণ করিয়ে দিয়ে তামিম আরও বলেন, ‘১২ দল নিয়ে খেলছেন, ৮ দলেই ১০০-১৫০ প্লেয়ার আছে। দ্বিতীয় বা তৃতীয় বিভাগে আলাদা কোনো টুর্নামেন্ট করা হয়নি। প্রিমিয়ার লিগ না হলে এই খেলোয়াড়দের কী হবে? এসব প্রশ্ন করতে হবে এবং উনাদের উত্তর দিতে হবে। উনারা কে কী করছেন, এসব নিয়েই ব্যস্ত। তবে আমরা সঠিক প্রক্রিয়া মেনেই এগোচ্ছি।’
নিজেদের দাবিকে সম্পূর্ণ যৌক্তিক আখ্যা দিয়ে তামিম জানান, তারা বাংলাদেশের ক্রীড়াঙ্গনে নতুন একটি মানদণ্ড (স্ট্যান্ডার্ড) স্থাপন করতে চান। তিনি বলেন, ‘আমরা সেভাবেই এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। এখানে জোরজবরদস্তির কিছু নেই। আমরা বিশ্বাস করি আমাদের কথা এবং প্রমাণ পুরোপুরি যৌক্তিক। এর চেয়ে বেশি কিছু নয়।’
আকাশ নিউজ ডেস্ক 



















