খুলনায় ছিনতাইকারীদের ধারালো অস্ত্রের আঘাতে শাহ আলম (৪৩) নামের এক পুলিশ সাব-ইন্সপেক্টর (এসআই) গুরুতর আহত হয়েছেন। শুক্রবার রাত আড়াইটার দিকে নগরীর সদর থানার কেসিসি কলেজিয়েট স্কুলের সামনে এই হামলার ঘটনা ঘটে। জেলা পুলিশে কর্মরত এসআই শাহ আলম রূপসা উপজেলায় একটি বিশেষ অভিযান শেষ করে রিকশায় করে পুলিশ ক্লাবে ফিরছিলেন। পথে তিন ছিনতাইকারী তার রিকশার গতিরোধ করে টাকা ও মোবাইল ফোন হাতিয়ে নেয়। এ সময় তারা চাপাতি দিয়ে তার দুই হাতের কবজিতে আঘাত করে রক্তাক্ত জখম করে।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লোকমান হোসেন জানান, হামলার পরপরই তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তবে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে দায়ীদের গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে নিশ্চিত করেছেন ওসি।
আকাশ নিউজ ডেস্ক 




















