রাজধানীর মিরপুর-১ এলাকার রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনার দুই দিন পর শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলমকে প্রত্যাহার করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমেদের সই করা এক অফিস আদেশে তাকে কেন্দ্রীয় সংরক্ষণ দপ্তরে সংযুক্ত করা হয়েছে। আদেশে প্রত্যাহারের কারণ হিসেবে ‘প্রশাসনিক কারণ’ উল্লেখ করা হলেও বিস্তারিত কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি।
মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার জানিয়েছেন, শনিবার রাতেই ওসি জাহাঙ্গীর আলম তার দায়িত্ব হস্তান্তর করেছেন। উল্লেখ্য, থানাটি সংশ্লিষ্ট স্বাস্থ্যকেন্দ্র থেকে মাত্র এক কিলোমিটার দূরত্বের মধ্যে অবস্থিত।
পুলিশের উপস্থিতিতে ভাঙচুরের অভিযোগের বিষয়ে ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ বলেন, ঘটনার খবর পাওয়ার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছিল কিনা এবং এতে কোনো পুলিশ সদস্যের অবহেলা বা গাফিলতি ছিল কিনা, তা খতিয়ে দেখতে তদন্ত চলছে।
আকাশ নিউজ ডেস্ক 
















