চীনের শেনজেনে বৃহস্পতিবার চীন, যুক্তরাষ্ট্র ও রাশিয়ার শীর্ষ নেতাদের ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই আয়োজনকে সামনে রেখে শহরের কাইলিন ভিলা কমপ্লেক্সে নিরাপত্তা ব্যবস্থা ব্যাপক জোরদার করা হয়েছে। রাষ্ট্রীয় মালিকানাধীন এই কমপ্লেক্সটি ১৯৯৭ সালে উদ্বোধনের পর থেকেই চীনের নীতিনির্ধারক ও গুরুত্বপূর্ণ বিদেশি অতিথিদের আতিথেয়তার কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। তবে এবার কোনো আনুষ্ঠানিক সম্মেলন কেন্দ্রের পরিবর্তে এই ব্যক্তিগত ও নিয়ন্ত্রিত পরিবেশের স্থানটিকে আলোচনার জন্য বেছে নেওয়া হয়েছে।
বিশ্লেষকদের মতে, এমন স্থান নির্বাচনের নেপথ্যে রয়েছে এপেক সম্মেলনের মূল গুরুত্ব ধরে রাখার কৌশল। ডিপল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মিনসন কু মনে করেন, এটি একটি স্বতন্ত্র শীর্ষ সম্মেলনের পরিবর্তে এপেক সম্মেলনের পার্শ্ববৈঠক হিসেবে গণ্য হবে। তিনি বিবিসিকে জানান, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং চান যেন মূল এপেক সম্মেলনই সব মনোযোগের কেন্দ্রে থাকে, যাতে এই ত্রিপক্ষীয় বৈঠকটি কোনোভাবেই সেটির গুরুত্বকে ম্লান করতে না পারে।
কাইলিন ভিলায় নিরাপত্তা নিশ্চিত করা তুলনামূলক সহজ বলে মন্তব্য করেছেন নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শাওইউ ইউয়ান। তিনি জানান, স্থানটি বিমানবন্দরের কাছে হওয়ায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের পক্ষে বৈঠক শেষে সরাসরি দ্রুত বিমানবন্দরে রওনা দেওয়া সুবিধাজনক। যুক্তরাষ্ট্র-চীন সম্পর্কের গবেষক এই অধ্যাপকের মতে, বেইজিংয়ের আনুষ্ঠানিক কূটনৈতিক কেন্দ্রগুলোর তুলনায় কাইলিন ভিলার পরিবেশ কম আনুষ্ঠানিক হওয়ায় এক ঘণ্টার এই আলোচনাকে একটি ফলপ্রসূ ও কার্যকর বৈঠক হিসেবে তুলে ধরা সম্ভব হবে।
অধ্যাপক শাওইউ ইউয়ান আরও বলেন, বৈঠকের আনুষ্ঠানিকতা কম থাকায় দৃশ্যমান কোনো বড় অগ্রগতি না হলেও রাজনৈতিক চাপ ও বিব্রতকর পরিস্থিতি এড়ানো সহজ হবে। অর্থাৎ, এই বৈঠকের মাধ্যমে মূলত এপেক সম্মেলনের মূল লক্ষ্য অক্ষুণ্ন রেখে তিন দেশের নেতারা নিজেদের মধ্যে সীমিত পরিসরে আলোচনার কৌশল অবলম্বন করছেন বলে মনে করছেন পর্যবেক্ষকরা।
আকাশ নিউজ ডেস্ক 























