সৌদি আরবের পবিত্র মক্কা ও মদিনা অঞ্চলকে লক্ষ্য করে আবারও ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনের ইরান সমর্থিত মিলিশিয়া গোষ্ঠী হুতি বিদ্রোহীরা। সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোট জানিয়েছে, তারা আকাশেই এই ড্রোনগুলো প্রতিহত করতে সক্ষম হয়েছে। জোটের ভাষ্য অনুযায়ী, মক্কা অঞ্চলের দিকে দুটি এবং মদিনার দিকে একটি ড্রোন নিক্ষেপ করা হয়েছিল।
সামরিক জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে মক্কার দিকে ধেয়ে আসা ড্রোন দুটি ধ্বংস করার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে এই হামলায় কোনো হতাহত বা অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে কি না, সে বিষয়ে তিনি বিস্তারিত কোনো তথ্য দেননি।
সাম্প্রতিক সময়ে ইরান-সমর্থিত হুতিদের ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার প্রবণতা বৃদ্ধি পেয়েছে। যদিও এই ঘটনায় হুতিদের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি, তবে এর আগে তারা মক্কা অঞ্চলে হামলার অভিযোগ অস্বীকার করেছিল। সৌদি জোট দাবি করেছে, দেশটির দিকে ছোড়া অধিকাংশ হামলা তারা সফলভাবে ব্যর্থ করে দিতে পেরেছে।
আকাশ নিউজ ডেস্ক 
























