বিশ্বজুড়ে জেন-জি প্রজন্মের আন্দোলনের ঢেউ আছড়ে পড়ছে। দক্ষিণ এশিয়া থেকে ইউরোপ বা লাতিন আমেরিকা—সবখানেই তরুণদের এই আন্দোলন কখনো স্বতঃস্ফূর্ত আবার কখনো পরিকল্পিতভাবে রাজনৈতিক কাঠামোকে নাড়িয়ে দিচ্ছে। অনেক দেশে এই জনরোষের কারণে সরকার পরিবর্তনের মতো ঘটনাও ঘটেছে। ভারতেও তরুণদের এই ক্ষোভ নতুন মাত্রা পেয়েছে ‘তেলাপোকা জনতা পার্টি’ বা সিজেপি-র উত্থানের মধ্য দিয়ে। ভারতের প্রধান বিচারপতির একটি মন্তব্যে দেশটির বেকার যুবকদের ‘তেলাপোকা’ বলে অভিহিত করার প্রতিবাদে এই ব্যঙ্গাত্মক প্ল্যাটফর্মটির জন্ম হয়। কয়েক জায়গায় জেন-জি’র আন্দোলনের ধাক্কায় সরকার বদলও হয়েছে। ভারতেও জেন-জি তেলাপোকার মোড়কে আবির্ভূত হয়েছে। সেই সলতেতেই সিজেপি আগুন দিতে পেরেছে। সেই আন্দোলনেও তরুণ প্রজন্মের অংশগ্রহণ নজরে রেখে রাজনৈতিক দলগুলোও পাশে এসে দাঁড়িয়েছে। পারস্পরিক সমন্বয় রেখে সেই আন্দোলন পরিচালিত হলেও সিজেপি নেতারা নিরপেক্ষতা রেখেই চলতে চাইছে। আর সিজেপি নিবন্ধনের জন্য আবেদনও করেনি। প্রশ্ন হলো ভারতের রাজনীতিতে তেলাপোকাদের তথা তরুণ প্রজন্মের ভূমিকা কী হবে।
চলতি বছরের মে মাসে বোস্টন বিশ্ববিদ্যালয় থেকে জনসংযোগ বিষয়ে স্নাতক ডিগ্রিধারী অভিজিৎ দীপকে সিজেপি ওয়েবসাইট ও সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলো উন্মুক্ত করেন। শুরুতে এটি কেবল ব্যঙ্গাত্মক প্রয়াস হিসেবে গণ্য হলেও, ভারতের তরুণ প্রজন্মের চাপা ক্ষোভ ও হতাশা দ্রুত একে একটি শক্তিশালী রাজনৈতিক ও সামাজিক আন্দোলনে রূপ দেয়। পরিসংখ্যান বলছে, ভারতের কর্মক্ষম জনগোষ্ঠীর প্রায় এক-তৃতীয়াংশের বয়স ১৫ থেকে ২৯ বছরের মধ্যে এবং ১৫ থেকে ২৫ বছর বয়সী স্কুল পাস করা তরুণদের প্রায় ৪০ শতাংশই বেকার। এই তীব্র অর্থনৈতিক সংকটের মুখে সিজেপি তরুণদের জন্য একটি নতুন প্ল্যাটফর্ম হয়ে ওঠে। এই তরুণদের জন্য অর্থনৈতিক সুযোগের অভাব এতটাই তীব্র ছিল যে, তারা যেকোনো সলতের জন্যই অপেক্ষা করছিলেন।
অভিজিৎ দীপকের রাজনৈতিক অভিজ্ঞতার বিষয়টিও আলোচনায় এসেছে। ২০২০ থেকে ২০২৩ সাল পর্যন্ত তিনি আম আদমি পার্টির (আপ) সোশ্যাল মিডিয়া টিমে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করেছেন। ২০১১ সালে আন্না হাজারের দুর্নীতিবিরোধী আন্দোলনের পথ ধরেই যেমন আপের উত্থান হয়েছিল, সিজেপিও নিট পরীক্ষাসহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে তরুণদের সংগঠিত করতে সক্ষম হয়। দিল্লির যন্তর মন্তরে তাদের দুই সপ্তাহের বেশি সময়ের আন্দোলন সরকারকেও চাপে ফেলেছিল, যার ফলে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করতে বাধ্য হন। যদিও শিক্ষাব্যবস্থায় সংস্কারের লক্ষ্যে তাদের কার্যক্রম সীমিত পরিসরে বাধাগ্রস্ত হয়েছে, তবে তাদের এই উত্থান সরকার ব্যবস্থাকে এক বড় চ্যালেঞ্জের মুখে দাঁড় করিয়েছে। আর সেই তেলাপোকারাই আন্দোলনের মঞ্চে প্রথম আবির্ভাবেই সরকারকে মাথা নত করতে বাধ্য করেছে। অনেকের মতে, অভিজিৎ দীপকের অতীত অভিজ্ঞতাই তাকে ভারতে ফিরে এসে আন্দোলন শুরু করার প্রেরণা দিয়েছিল। যদিও সিজেপি’র সুনির্দিষ্ট লক্ষ্য হিসেবে ঘোষণা করা হয়েছিল দেশের শিক্ষাব্যবস্থায় সংস্কার আনা। রাজ্যে রাজ্যে স্কুলগুলোর দুরবস্থা সামনে নিয়ে আসার জন্য সরজমিন পরিদর্শন শুরু করলেও তাদের অনেক ধরনের বাধার মুখে পড়তে হয়েছে।
নির্বাচনী রাজনীতির বাইরে থাকার দাবি করলেও সিজেপি বর্তমানে বিভিন্ন ইস্যুতে বিরোধী দলগুলোর সাথে সমান্তরাল অবস্থান গ্রহণ করছে। ভোটার তালিকা বা এসআইআর প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবির ক্ষেত্রেও সিজেপি সরব। দিল্লির রামলীলা ময়দানে বিরোধী ইন্ডিয়া জোটের ‘ভোট বাঁচাও, দেশ বাঁচাও’ সমাবেশের প্রতি সমর্থন জানালেও সিজেপি সেখানে সরাসরি যোগ দেয়নি, কারণ তারা নিজেদের রাজনৈতিক নিবন্ধিত দল মনে করে না। সরকারও তরুণদের দাবির প্রতি প্রথমে অবহেলা ও উপেক্ষার পথ নিলেও একসময় তারা বিপদ টের পেয়ে যায়। সুতরাং, ‘ইন্ডিয়া’ জোটের যে সদস্যরা নির্বাচনে পরাজিত হয়েছেন, তাদের সঙ্গে সিজেপি-কে একই মানদণ্ডে বিচার করা উচিত নয়।
তবে এই তরুণ আন্দোলনকে দমন করতে বিজেপি সরকার বিভিন্ন কৌশলের আশ্রয় নিচ্ছে বলে অভিযোগ রয়েছে। ভারতে গণতান্ত্রিক ভিন্নমতকে দমানোর পুরোনো কৌশলের মতোই সিজেপি নেতাদের বিরুদ্ধে আইনি ও আর্থিক দুর্নীতির অভিযোগ তোলা হচ্ছে। কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং অভিযোগ করেছেন যে, সিজেপি-র প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে যুক্তরাষ্ট্রভিত্তিক দাতাদের কাছ থেকে এবং আশুতোষ রাঙ্কা পাকিস্তানি রাজনীতিবিদদের কাছ থেকে অর্থ নিয়ে ভারতে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছেন। এই অভিযোগের জবাবে সিজেপি এক বিবৃতিতে একে ‘লজ্জাজনক বাস্তবতা’ বলে অভিহিত করেছে। তাদের ভাষ্যমতে, “একজন কেন্দ্রীয় মন্ত্রী যা খুশি তাই বলতে পারেন এবং কোনো জবাবদিহিতা ছাড়াই পার পেয়ে যান। ঠিক এই কারণেই আজ সর্বোচ্চ পদে আসীন ব্যক্তিদের কথারও কোনো মূল্য নেই।” সিজেপি শুরুতেই গরম ইস্যু পেয়ে গিয়েছিল।
ভারতের বিদ্যমান রাজনৈতিক কাঠামো, যেখানে বামপন্থি বাদে বেশিরভাগ দলই করপোরেট পুঁজিবাদ, সংখ্যাগরিষ্ঠতাবাদী রাজনীতি এবং কেন্দ্রীভূত সিদ্ধান্ত গ্রহণের ওপর নির্ভরশীল, সেখানে সিজেপি-র মতো নতুন ধারার তরুণ শক্তি কি সত্যিই কোনো টেকসই বিকল্প হয়ে উঠতে পারবে? পর্যবেক্ষকরা মনে করছেন, ভারতের রাজনৈতিক দলগুলোর বিদ্যমান দুর্বলতা ও বেকারত্বের এই সংকট আগামী ২০২৯ সালের সাধারণ নির্বাচনের আগে আরও প্রকট হয়ে উঠতে পারে। আরএসএস বা ডানপন্থি মহলগুলো তরুণদের ক্ষোভকে দেশবিরোধী তকমা না দিয়ে আলোচনার মাধ্যমে সমাধানের পরামর্শ দিলেও, সরকার ও তরুণ প্রজন্মের এই সংঘাতের ভবিষ্যৎ এখনো অনিশ্চিত।
আকাশ নিউজ ডেস্ক 






















