দেশের বাজারে স্বর্ণের দামে চড়া ভাব বজায় রয়েছে। বর্তমানে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের গহনা ভ্যাটসহ বিক্রি হচ্ছে ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকায়। এছাড়া ২১ ক্যারেটের গহনা ২ লাখ ১৬ হাজার ৭১৭ টাকা এবং ১৮ ক্যারেটের প্রতি ভরি গহনা ১ লাখ ৮৬ হাজার ৯৯ টাকায় লেনদেন হচ্ছে। অন্যদিকে সনাতন পদ্ধতির স্বর্ণের প্রতি ভরির দাম দাঁড়িয়েছে ১ লাখ ৫২ হাজার ৪০ টাকা। দেশের বাজারে ভালো মানের এক ভরি স্বর্ণের গহনা কিনতে ভ্যাটসহ গুণতে হচ্ছে প্রায় ২ লাখ ২৭ হাজার টাকার মতো। অন্যদিকে, তুলনামূলক কম দামি বা সনাতন পদ্ধতির স্বর্ণের ভরিও পার হয়ে গেছে দেড় লাখ টাকার ঘর।
স্বর্ণের বাজারমূল্য নির্ধারণকারী প্রতিষ্ঠান বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) গত ৬ নভেম্বর সকাল ১০টা থেকে এই নতুন দাম কার্যকর করেছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ক্রেতাদের এই নির্ধারিত মূল্যেই স্বর্ণ কিনতে হবে।
এর আগে টানা তিন দফায় ভালো মানের এক ভরি স্বর্ণের দাম ১২ হাজার ৭২ টাকা বাড়ানো হয়েছিল। তবে সবশেষ ৬ নভেম্বর বাজুস ভালো মানের স্বর্ণের ভরিতে ২ হাজার ৭৪১ টাকা কমানোর সিদ্ধান্ত নেয়। এরপর থেকেই বর্তমান এই দর অনুযায়ী দেশের বাজারে স্বর্ণ কেনাবেচা হচ্ছে।
আকাশ নিউজ ডেস্ক 
























