সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন বাণিজ্যিক ও সরকারি প্রতিষ্ঠানের কর্মীদের দক্ষতা বাড়াতে নিজেদের প্রশিক্ষণ কেন্দ্র উন্মুক্ত করেছে এমিরেটস এয়ারলাইনস। দুবাইয়ে অবস্থিত এমিরেটসের ক্রু প্রশিক্ষণ কেন্দ্রের ভেতরে ‘সেন্টার অব হসপিটালিটি এক্সিলেন্স’ নামে এই কেন্দ্রটি গড়ে তোলা হয়েছে, যা নির্মাণে ব্যয় হয়েছে ৮০ লাখ মার্কিন ডলার। প্রতিষ্ঠানগুলোর প্রয়োজন অনুযায়ী উন্নত আতিথেয়তা ও সেবা নিশ্চিতে বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনা করবে এয়ারলাইনসটি।
অত্যাধুনিক এই আতিথেয়তা প্রশিক্ষণ কেন্দ্রে ১৭০ জন ধারণক্ষমতার রেস্তোরাঁ ও লাউঞ্জ, আধুনিক রান্নাঘর এবং প্রযুক্তিসমৃদ্ধ আটটি শ্রেণিকক্ষ রয়েছে। এমিরেটসের দীর্ঘদিনের আন্তর্জাতিক মানের যাত্রীসেবার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এখানকার পাঠ্যসূচি তৈরি করা হয়েছে। এতে খাবার পরিবেশন, অতিথি আপ্যায়ন, সেবার শিষ্টাচার, পেশাগত যোগাযোগ ও নেতৃত্বের মতো বিষয়গুলো শেখানো হবে, যা মিশেলিন তারকাপ্রাপ্ত রেস্তোরাঁর নীতিমালার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। ইতোমধ্যে বেশ কয়েকটি সরকারি সংস্থা, বিশ্ববিদ্যালয় ও আঞ্চলিক বড় প্রতিষ্ঠান এই প্রশিক্ষণ কার্যক্রমে অংশ নিয়েছে। মিশেলিন তারকাপ্রাপ্ত রেস্তোরাঁগুলোর আতিথেয়তার নীতিমালা অনুসরণ করে সাজানো হয়েছে এসব প্রশিক্ষণ।
এমিরেটসের সার্ভিস ডেলিভারি বিভাগের জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট থমাস নেই জানান, শুধু কারিগরি প্রশিক্ষণ দিয়ে মানসম্মত আতিথেয়তা নিশ্চিত করা সম্ভব নয়; এজন্য মানুষের চাহিদা, সংস্কৃতি ও সেবার উৎকর্ষ সম্পর্কে স্পষ্ট ধারণা থাকা প্রয়োজন। কয়েক দশকের কাজের অভিজ্ঞতা সংযুক্ত আরব আমিরাতের অন্যান্য প্রতিষ্ঠানের কর্মীদের সঙ্গে ভাগ করে নিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এক থেকে পাঁচ দিন মেয়াদি এসব কর্মসূচিতে অংশ নিয়ে কর্মীরা টেবিল সাজানোর কৌশল, ওয়াইন শিক্ষা, রান্নার বিশেষত্ব ও খাবারের উপস্থাপনার পাশাপাশি এমিরেটসের নির্বাহীদের সঙ্গে মতবিনিময় এবং সিমুলেটর ঘুরে দেখার সুযোগ পাবেন। প্রতিষ্ঠানগুলোর প্রয়োজন অনুযায়ী এক থেকে পাঁচ দিন মেয়াদি প্রশিক্ষণ আয়োজন করা যাবে।
এমিরেটস জানিয়েছে, ২০২০ সালে সুইজারল্যান্ডের খ্যাতনামা হোটেল ব্যবস্থাপনা শিক্ষাপ্রতিষ্ঠান ইকোল হোটেলিয়ের দ্য লোজানের যৌথ উদ্যোগে তারা একটি উন্নত আতিথেয়তা কৌশল প্রস্তুত করে, যার প্রধান চারটি স্তম্ভ হলো—উৎকর্ষ, মনোযোগ, উদ্ভাবন ও আন্তরিকতা। বর্তমানে এয়ারলাইনসটিতে ১৪০টির বেশি দেশের প্রায় ২৫ হাজার কেবিন ক্রু কর্মরত আছেন, যারা ৭০টিরও বেশি ভাষায় কথা বলতে পারেন। দুবাইয়ের প্রশিক্ষণ কেন্দ্রে প্রত্যেক নতুন কেবিন ক্রুকে আট সপ্তাহের নিবিড় প্রশিক্ষণ শেষ করতে হয়, যেখানে বিমান নিরাপত্তা, জরুরি পরিস্থিতি সামলানো, প্রাথমিক চিকিৎসা ও যাত্রীসেবার বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকে। এই আন্তর্জাতিক অভিজ্ঞতা স্থানীয় অন্য খাতের সঙ্গে বিনিময় করে আমিরাতের আতিথেয়তার বৈশ্বিক ভাবমূর্তি আরও শক্তিশালী করতে চায় এমিরেটস।
আকাশ নিউজ ডেস্ক 
























