মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধিতে ৪ হাজার ৬৮ কোটি টাকার একটি মেগা প্রকল্পের নির্মাণকাজ উদ্বোধন করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী বৃহস্পতিবার (৫ নভেম্বর) তার মোংলা সফর ও প্রকল্প উদ্বোধনের কথা রয়েছে। এর আগে গত ২২ অক্টোবর বন্দরটির উন্নয়ন ও সম্প্রসারণের সম্ভাবনা যাচাইয়ে তিনি সরেজমিনে পরিদর্শন করেছিলেন। এই চুক্তির ভিত্তিতেই প্রকল্পটির উদ্বোধন হতে যাচ্ছে।
মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল আরিফ আহমেদ মোস্তফা জানান, সম্প্রতি প্রধানমন্ত্রীর চীন সফরকালে এই প্রকল্পের উন্নয়ন চুক্তি সম্পন্ন হয়। গত ১০ অক্টোবর বাংলাদেশ ও চীনের মধ্যে এ বিষয়ে সমঝোতা স্মারক ও ঋণ চুক্তি স্বাক্ষরিত হয়, যার ভিত্তিতেই আনুষ্ঠানিকভাবে উন্নয়ন কাজ শুরু হচ্ছে। প্রকল্পের আওতায় দুটি নতুন কন্টেইনার জেটি ও ইয়ার্ড তৈরির পাশাপাশি পণ্য পরিবহনের সক্ষমতা বাড়াতে ৪৯টি অত্যাধুনিক যন্ত্রপাতি সংযোজন করা হবে। মোট বাজেটের মধ্যে বাংলাদেশ সরকারের অবদান ৪৭৫ কোটি টাকা এবং বাকি অর্থায়ন চীনা প্রতিষ্ঠানের মাধ্যমে নিশ্চিত করা হবে।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম জানান, প্রকল্প উদ্বোধনের পাশাপাশি ‘ইনভেস্ট বাংলাদেশ’ ও ‘চায়না রেলওয়ে কনস্ট্রাকশন করপোরেশন’-এর মধ্যে রেলওয়ে সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরিত হবে। এ উদ্যোগ বাস্তবায়িত হলে বন্দর থেকে সরাসরি কন্টেইনার পরিবহনে রেলসেবা চালু হবে, যা দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণে নতুন মাত্রা যোগ করবে। এর ফলে ব্যবসায়ীদের আগ্রহ বাড়বে, পাশাপাশি বন্দরে দেশি-বিদেশি বিনিয়োগের নতুন সম্ভাবনা তৈরি হবে।
এদিকে, বন্দরের কার্যকর আধুনিকায়নের জন্য কয়েকটি সুপারিশ তুলে ধরেছে মোংলা বন্দর বার্থ শিপ অপারেটর অ্যাসোসিয়েশন। সংগঠনের সাধারণ সম্পাদক মো. জুলফিকার আলীর মতে, বন্দরের চ্যানেলের নাব্যতা ধরে রাখতে নিয়মিত ও পরিকল্পিত ড্রেজিং জরুরি। পাশাপাশি সড়ক ও রেল যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, ফয়লা বিমানবন্দর চালু করা এবং দ্রুত আকরাম পয়েন্টে এলএনজি স্টেশন স্থাপনের দাবি জানিয়েছেন তিনি। সংশ্লিষ্টরা মনে করছেন, এসব অবকাঠামোগত উন্নয়ন সম্পন্ন হলে বন্দর ব্যবহারকারীরা বর্তমানের চেয়ে অনেক বেশি সুফল পাবেন এবং মোংলা বন্দরের সক্ষমতা বহুগুণ বৃদ্ধি পাবে।
আকাশ নিউজ ডেস্ক 






















