ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য উপদেষ্টা ও টেলিভিশন চ্যানেল ডিবিসির সাবেক চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরীকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। আজ বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে রাজধানীর মহাখালীতে ডিবিসি কার্যালয় থেকে তাকে নিয়ে যান গোয়েন্দা পুলিশ সদস্যরা।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বিকেলে ইকবাল সোবহান চৌধুরী অফিসে গেলে সেখানে একটি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হয়। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে তাকে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়েছে। একই সঙ্গে আরও দুজনকে সেখানে নেওয়া হয়েছে বলে জানান এই কর্মকর্তা। শফিকুল ইসলাম আরও বলেন, বর্তমানে তাদের সঙ্গে কথা বলা হচ্ছে। তবে ঠিক কী কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে বা তাকে কেন নেওয়া হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি।
আকাশ নিউজ ডেস্ক 
























