সোমবার দিবাগত রাত ১টার দিকে ভারতের অন্ধ্র প্রদেশের উপকূল অতিক্রম করতে শুরু করে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মুরাসু’। ভারতের আবহাওয়া অধিদপ্তর (আইএমডি) জানায়, ওঙ্গোলের কাছাকাছি এলাকা দিয়ে ঘূর্ণিঝড়টির স্থলভাগে প্রবেশ প্রক্রিয়া শুরু হয়। এ সময় ঝড়ের মেঘমালার সম্মুখভাগ উপকূলে আঘাত হানলে বিস্তীর্ণ এলাকায় ভারী থেকে অতি ভারী বর্ষণ শুরু হয়।
আবহাওয়াবিদরা জানিয়েছেন, রাত ১টা ৩০ মিনিটে ঘূর্ণিঝড়টি পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও সংলগ্ন দক্ষিণ অন্ধ্র উপকূলের একেবারে নিকটবর্তী অবস্থানে ছিল। তখন এটি ওঙ্গোল থেকে প্রায় ৪০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে, কাভালি থেকে ৬০ কিলোমিটার উত্তর-পূর্বে এবং বাপাতলা থেকে ৭০ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল। নেলোর ও নরসাপুরের মধ্যবর্তী ওঙ্গোলের উপকূল দিয়েই এর মূল কেন্দ্র স্থলভাগ পার হচ্ছে।
ঘূর্ণিঝড়টির প্রভাবে উপকূলীয় অঞ্চলগুলোতে ঘণ্টায় ১১০ থেকে ১২০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইছে। আইএমডি সতর্ক করেছে যে, সকাল পর্যন্ত এই তীব্র গতিবেগের হাওয়া অব্যাহত থাকতে পারে। আবহাওয়া দপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, আগামী ১২ ঘণ্টা দক্ষিণ অন্ধ্র প্রদেশের উপকূলীয় এলাকায় ভারী বৃষ্টিপাতের ধারা অব্যাহত থাকবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।
ভারতের আবহাওয়া দপ্তর ঘূর্ণিঝড়টির গতিবিধি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। ঘূর্ণিঝড়ের পেছনের অংশটিও উপকূলের খুবই কাছাকাছি থাকায় পরবর্তী কয়েক ঘণ্টা দুর্যোগপূর্ণ পরিস্থিতি বজায় থাকার আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় প্রশাসনকে পরিস্থিতি মোকাবিলায় সতর্ক থাকতে বলা হয়েছে।
আকাশ নিউজ ডেস্ক 






















