চুক্তিভঙ্গের গুরুতর অভিযোগে চিত্রনায়ক শরিফুল রাজকে আইনি নোটিশ পাঠিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান রিয়েল এনার্জি প্রোডাকশন। গত ২৮ অক্টোবর প্রতিষ্ঠানের পক্ষে ব্যারিস্টার সজিব মাহমুদ আলম এই নোটিশটি প্রদান করেন। প্রযোজনা সংস্থাটির দাবি, ‘ঠিকানা’ সিনেমার শুটিংয়ের জন্য নির্ধারিত সময়ে শরিফুল রাজ সময় দিচ্ছেন না, যা তাদের চুক্তির শর্তের পরিপন্থী।
প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি অনুযায়ী, শরিফুল রাজ সিনেমাটিতে অভিনয় এবং এর প্রচারণায় অংশ নিতে প্রতিশ্রুতিবদ্ধ ছিলেন এবং ইতিমধ্যে অগ্রিম পারিশ্রমিকও গ্রহণ করেছেন। চুক্তির ৯ নম্বর ধারা অনুযায়ী, সিনেমাটি ২০২৭ সালের ঈদুল আজহা বা তার পরবর্তী সময়ে মুক্তি পাওয়ার কথা। এছাড়া ৪.১১ নম্বর ধারায় স্পষ্ট উল্লেখ রয়েছে যে, ‘ঠিকানা’ মুক্তির সময় অভিনেতা রাজের প্রধান বা উল্লেখযোগ্য চরিত্রে অভিনীত অন্য কোনো সিনেমা মুক্তি পাবে না।
বিবাদের সূত্রপাত হয় গত ৩১ আগস্ট, যখন শরিফুল রাজ ফেসবুকে ‘কানাভুলা প্যারাডক্স’ নামে নতুন একটি সিনেমায় অভিনয়ের ঘোষণা দেন। অভিযোগ রয়েছে, সিনেমাটিও একই সময়ে অর্থাৎ ঈদুল আজহায় মুক্তির পরিকল্পনা করা হয়েছে। এই ঘোষণার ফলে ‘ঠিকানা’ সিনেমার স্পনসর ও অংশীজনেরা বিনিয়োগ তুলে নিতে চাইছেন বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে গত ২ সেপ্টেম্বর রাজকে প্রথম দফায় নোটিশ দেওয়া হয়েছিল। সেখানে প্রতিদ্বন্দ্বী সিনেমার প্রচার বন্ধ, সংশ্লিষ্ট ফেসবুক পোস্ট অপসারণ, ২৪ ঘণ্টার মধ্যে প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা এবং চুক্তির শর্ত মেনে চলার লিখিত নিশ্চয়তা দাবি করা হয়েছিল। যদিও প্রথম নোটিশের পর রাজ ও তার ব্যবস্থাপক সমঝোতার আশ্বাস দিয়েছিলেন, কিন্তু এখন পর্যন্ত তারা শুটিংয়ের জন্য কোনো সময়সূচি দেননি। সর্বশেষ নোটিশে আগামী ১ ফেব্রুয়ারি থেকে ১০ মার্চ পর্যন্ত ‘ঠিকানা’ সিনেমার শুটিংয়ের জন্য সময় বরাদ্দ করতে বলা হয়েছে। প্রযোজনা সংস্থাটি জানিয়েছে, নির্ধারিত সময়ে সিনেমাটি মুক্তি দিতে হলে পোস্ট-প্রোডাকশনের কাজের জন্য কমপক্ষে দুই মাস সময় প্রয়োজন।
আকাশ নিউজ ডেস্ক 





















