দিনাজপুরের নবাবগঞ্জে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ১০ অক্টোবর চড়ারহাট গণহত্যা দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার বিকেলে চড়ারহাট শহীদ মিনার চত্বরে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিধান কান্তি হালদার।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি তাঁর বক্তব্যে ১০ অক্টোবরকে নবাবগঞ্জের ইতিহাসের এক ঘৃণ্যতম অধ্যায় হিসেবে উল্লেখ করেন। এ সময় তিনি চড়ারহাট গণহত্যা দিবসের চেতনা হৃদয়ে ধারণ করে যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে দেশবাসীকে সজাগ ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
স্মরণসভায় অংশ নেন দিনাজপুর জেলা বিএনপির সহসভাপতি মো. আতিকুর রহমান রাজা এবং উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মো. কবিরুল ইসলাম কবির। এ ছাড়াও বিএনপি ও এর সহযোগী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, চড়ারহাট শহীদ স্মৃতি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মিজানুর রহমান, সহকারী অধ্যাপক মো. আজগর আলীসহ শিক্ষকমণ্ডলী, শিক্ষার্থী, বীর মুক্তিযোদ্ধা, শহীদ পরিবারের সদস্য এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
মূল অনুষ্ঠানের আগে যুদ্ধাহত পরিবারের সদস্যসহ বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে চড়ারহাট বধ্যভূমির স্মৃতিমিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। শহীদদের স্মৃতির উদ্দেশ্যে নীরবতা পালন এবং গণকবরস্থানে বিশেষ মোনাজাত ও দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শেষ হয়।
আকাশ নিউজ ডেস্ক 




















