রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও স্বশাসিত প্রতিষ্ঠানগুলোতে জাতীয় পে স্কেল ২০২৬ কার্যকর করার প্রক্রিয়া শুরু হয়েছে। এর অংশ হিসেবে নতুন বেতন কাঠামোর গেজেট সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোতে পাঠিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। গত বুধবার আর্থিক প্রতিষ্ঠান বিভাগের প্রশাসন শাখা থেকে এ সংক্রান্ত চিঠি জারি করা হয়। এর আগে গত ১৭ সেপ্টেম্বর স্বশাসিত ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের জন্য জাতীয় বেতন স্কেল ২০২৬-এর গেজেট প্রকাশ করেছিল অর্থ বিভাগ। বুধবার (৭ অক্টোবর) আর্থিক প্রতিষ্ঠান বিভাগের প্রশাসন শাখা থেকে এ বিষয়ে চিঠি জারি করা হয়।
আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব সারমিন সুলতানার সই করা ওই চিঠিটি রাষ্ট্রায়ত্ত ছয়টি ব্যাংকসহ মোট আটটি প্রতিষ্ঠানে পাঠানো হয়েছে। ব্যাংকগুলোর মধ্যে রয়েছে সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, অগ্রণী ব্যাংক, রূপালী ব্যাংক, বেসিক ব্যাংক এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি। চিঠির কপি এসব ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার দপ্তরে পাঠানো হয়েছে। এ ছাড়াও দি সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন (বাংলাদেশ) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং বাংলাদেশ ইনসিওরেন্স একাডেমির পরিচালকের কাছেও গেজেট পাঠানো হয়েছে।
চিঠিতে নতুন জাতীয় বেতন স্কেল ২০২৬-এর গেজেটের দুটি করে কপি সংযুক্ত করে দেওয়া হয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, গেজেটে থাকা নীতিমালা ও নির্দেশনা অনুযায়ী প্রতিষ্ঠানগুলোতে অবিলম্বে পরবর্তী প্রয়োজনীয় প্রশাসনিক কার্যক্রম গ্রহণ করতে হবে। এর মধ্য দিয়ে রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও সংশ্লিষ্ট স্বশাসিত প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন এই বেতন কাঠামো বাস্তবায়নের কাজ আরও এক ধাপ এগিয়ে গেল।
আকাশ নিউজ ডেস্ক 

















