আকাশ জাতীয় ডেস্ক:
রাজধানীর হাজারীবাগ এলাকার কামরাঙ্গীরচরের আচারওয়ালা ঘাটে একটি পাকা টিনশেড কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
শুক্রবার (১৭ জুলাই) বিকাল ৩টা ১২ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে ফায়ার সার্ভিসের হাজারীবাগ ইউনিটের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রাথমিকভাবে আরও দুটি ইউনিট যোগ দেওয়ার প্রস্তুতি থাকলেও শেষ পর্যন্ত হাজারীবাগের দুটি ইউনিটই আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, প্রায় ৩৭ মিনিটের চেষ্টার পর বিকাল ৩টা ৪৯ মিনিটে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।
বিষয়টি নিশ্চিত করে বঙ্গবাজার ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রোজিনা আক্তার বলেন, হাজারীবাগের দুটি অগ্নিনির্বাপণ ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। এখন পর্যন্ত এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
তিনি আরও বলেন, আগুন লাগা কারখানাটি ঠিক কীসের কারখানা ছিল, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। আগুনের সূত্রপাতের কারণ এবং কারখানাটির প্রকৃতি সম্পর্কে তদন্ত ও প্রাথমিক বিশ্লেষণ চলছে। তদন্ত শেষে আগুন লাগার কারণ এবং কারখানাটির বিস্তারিত পরিচয় জানা যাবে।
আকাশ নিউজ ডেস্ক 


















