আকাশ স্পোর্টস ডেস্ক :
ম্যাচের অন্তিম মুহূর্ত পর্যন্ত লিড ধরে রেখেও শেষ রক্ষা হলো না রিয়াল মাদ্রিদের। যোগ করা সময়ের গোলে রিয়াল বেটিসের সঙ্গে ১-১ সমতায় মাঠ ছাড়তে হয়েছে আরবেলোয়ার শিষ্যদের। এই ড্রয়ে লা লিগার শিরোপা জয়ের দৌড় থেকে অনেকটাই ছিটকে পড়ল লস ব্লাঙ্কোসরা।
সেভিয়ার এস্তাদিও লা কারতুহাতে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল রিয়াল। ১৭ মিনিটেই সাফল্য পায় তারা। ভালভার্দের একটি দূরপাল্লার শট বেটিস গোলরক্ষক ভ্যালেস ঠিকমতো রুখতে না পারলে ফিরতি বলে লক্ষ্যভেদ করেন ভিনিসিয়ুস। ১-০ গোলে এগিয়ে যাওয়ার পর ব্যবধান বাড়ানোর একাধিক সুযোগ পেয়েছিল রিয়াল। এমবাপ্পের একটি গোল অফসাইডের কারণে বাতিল হয়। এ ছাড়া জুড বেলিংহ্যাম ও ভিনিসিয়ুস সহজ কিছু সুযোগ নষ্ট করলে ব্যবধান আর বাড়েনি।
পুরো ম্যাচে রিয়াল গোলরক্ষক আন্দ্রি লুনিন বেশ কয়েকটি দুর্দান্ত সেভ করে দলকে লিড ধরে রাখতে সাহায্য করেছিলেন। কিন্তু ম্যাচের ৯৩ মিনিটে রক্ষণভাগের ভুলে সব ভেস্তে যায় রিয়ালের। মেন্ডি বলের নিয়ন্ত্রণ হারালে সুযোগ বুঝে নিচু শটে বল জালে জড়ান হেক্টর বেয়োরিন।
লিগে রিয়ালের আর মাত্র ৫টি ম্যাচ বাকি। তবে এক ম্যাচ বেশি খেলেও শীর্ষে থাকা বার্সেলোনার চেয়ে তারা ৮ পয়েন্টে পিছিয়ে আছে। শনিবার গেটাফের বিপক্ষে বার্সা জয় পেলে এই ব্যবধান দাঁড়াবে ১১ পয়েন্টে। এর আগে আরবেলোয়ার দল উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ থেকেও বিদায় নিয়েছে। ফলে এই মৌসুমে ট্রফিশূন্য থাকার সম্ভাবনাই বেশি। যা এই শতকে তাদের মাত্র পঞ্চম এমন মৌসুম হতে পারে।
আগামী সপ্তাহে এস্পানিওলের মুখোমুখি হবে রিয়াল। এরপরই রয়েছে মৌসুমের দ্বিতীয় এল ক্লাসিকো। সমীকরণ বলছে, বার্সেলোনা বড় কোনো হোঁচট না খেলে রিয়ালের পক্ষে শিরোপা পুনরুদ্ধার করা এখন অসম্ভব বললেই চলে।
আকাশ নিউজ ডেস্ক 



















