কুমিল্লা সীমান্তে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-র হাতে আটক বাংলাদেশের দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত এনেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার দুপুর ১টা ৩৫ মিনিটে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল সীমান্তের মেইন পিলার ২০৫৯-এর কাছে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে এই দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। বিজিবির সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) ও বিএসএফের ৪৯ ব্যাটালিয়নের মধ্যে এই আলোচনা সম্পন্ন হয়।
পতাকা বৈঠক শেষে আটক দুই পুলিশ সদস্যকে বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ। পরবর্তীতে দুপুর ১টা ৪২ মিনিটে বিজিবি তাদের বাংলাদেশ পুলিশ কর্তৃপক্ষের কাছে বুঝিয়ে দেয়। হস্তান্তরিত দুই সদস্য হলেন ব্রাহ্মণপাড়া থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. ইমরান হোসেন এবং কনস্টেবল রহিত দেওয়ান।
ঘটনার প্রেক্ষাপট জানিয়ে দেবিদ্বার সার্কেলের সহকারী পুলিশ সুপার শাহিন বলেন, মাদকের এক আসামিকে গ্রেপ্তার করতে গিয়ে এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে। বিষয়টি জানার পর বিজিবির সাথে যোগাযোগ করা হলে ঢাকা থেকে বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা বিএসএফের সাথে কথা বলেন এবং পরবর্তীতে তাদের ফেরত আনার প্রক্রিয়া সম্পন্ন হয়।
সুলতানপুর ব্যাটালিয়নের (৬০ বিজিবি) শশীদল বিওপির কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম নিশ্চিত করেন যে, সুনির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ব্রাহ্মণপাড়া থানার দুই পুলিশ সদস্যকে বাংলাদেশে ফেরত আনা হয়েছে।
নারায়ণপুর সীমান্তে আয়োজিত এই আন্তর্জাতিক বৈঠকে বাংলাদেশের পক্ষে আরও উপস্থিত ছিলেন দেবিদ্বার সার্কেলের সহকারী পুলিশ সুপার শাহিন, ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন এবং শশীদল বিওপির কমান্ডার সুবেদার মোহাম্মদ তাকবীর হোসেন।
আকাশ নিউজ ডেস্ক 
























