ইউরোপের দেশ স্পেন তুরস্কের নিজস্ব প্রযুক্তিতে তৈরি সুপারসনিক প্রশিক্ষণ বিমান ‘হুরজেট’ কেনার ব্যাপারে বেশ আগ্রহ দেখাচ্ছে। দেশটিতে শুরুতে ৩০টি বিমান সরবরাহের চুক্তি সম্পন্ন হলেও এখন নতুন করে আরও ১৫টি বিমান কেনার পরিকল্পনা করা হয়েছে। এই উদ্যোগ বাস্তবায়িত হলে তুরস্ক থেকে স্পেনের হুরজেট সংগ্রহের মোট সংখ্যা দাঁড়াবে ৪৫টিতে। তুর্কি অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজের প্রধান নির্বাহী কর্মকর্তা মেহমেত দেমিরোগলু বিষয়টি নিশ্চিত করেছেন।
তুরস্কের উত্তরাঞ্চলীয় প্রদেশ কাস্তামোনুতে এক অনুষ্ঠানে দেমিরোগলু জানান, ২০২৮ সাল থেকে স্পেনের কাছে এসব উড়োজাহাজ সরবরাহ শুরু করার প্রস্তুতি চলছে। যদিও অতিরিক্ত ১৫টি বিমান কেনার বিষয়ে চূড়ান্ত চুক্তি বা সুনির্দিষ্ট সময়সীমা সম্পর্কে এখনো বিস্তারিত তথ্য জানানো হয়নি। তিনি উল্লেখ করেন, তুরস্কের বিমানবাহিনীতে হুরজেট অন্তর্ভুক্তির অনেক আগেই স্পেন এই বিমানের প্রতি বিশেষ আগ্রহ ব্যক্ত করেছিল।
প্রতিরক্ষা ও মহাকাশ শিল্পে তুরস্কের ক্রমবর্ধমান সক্ষমতার বহিঃপ্রকাশ হিসেবে হুরজেটকে দেখা হচ্ছে। দেমিরোগলুর তথ্যমতে, তুর্কি অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজের সংশ্লিষ্ট স্থাপনায় ‘কান’ যুদ্ধবিমান, হুরকুশ প্রশিক্ষণ বিমান, হেলিকপ্টার, ড্রোন, কৃত্রিম উপগ্রহসহ নানা ধরনের যন্ত্রাংশ উৎপাদন ও গবেষণা চলছে। বর্তমানে এই শিল্প খাতে প্রায় ১৬ হাজার ৫০০ জন কর্মী নিয়োজিত রয়েছেন। হুরকুশ বিমানের সরবরাহ প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে এবং আগামীতে তা আরও বেগবান হবে বলে আশা করা হচ্ছে। আজারবাইজানকে সম্ভাব্য রপ্তানি গন্তব্য হিসেবে বিবেচনা করা হচ্ছে।
প্রতিরক্ষা খাতের এই উন্নয়ন সম্পর্কে দেমিরোগলু বলেন, তুরস্কের এসব কর্মসূচির মূল লক্ষ্য যুদ্ধ বিগ্রহ নয়, বরং সম্ভাব্য যেকোনো সংঘাত প্রতিরোধে নিজস্ব সক্ষমতা ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা। তিনি জানান, তুরস্কের প্রতিরক্ষা পণ্যের প্রতি বৈশ্বিক আগ্রহ বাড়ছে এবং তা আন্তর্জাতিক বাজারে দেশটির অবস্থানকেও শক্তিশালী করছে। হুরজেট মূলত সামরিক পাইলটদের উন্নত ও আধুনিক প্রশিক্ষণের উপযোগী করেই তৈরি করা হয়েছে, যা তুরস্কের নিজস্ব প্রযুক্তিগত অগ্রগতির এক নতুন অধ্যায়।
আকাশ নিউজ ডেস্ক 























