কক্সবাজারের রামুতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে বন বিভাগ। বুধবার সকালে কক্সবাজার দক্ষিণ বন বিভাগের রাজারকুল রেঞ্জের ধলিয়ারছড়ি খালের পাশে এই অভিযান চালিয়ে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত একটি ড্রেজার মেশিন এবং ৩০ ফুট পাইপ জব্দ করা হয়েছে। এই অভিযানে রাজারকুল রেঞ্জ, উখিয়া রেঞ্জ, পানেরছড়া রেঞ্জ এবং কক্সবাজার স্পেশাল ফোর্সের কর্মকর্তারা অংশ নেন।
স্থানীয় ও বন বিভাগ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে ধলিয়ারছড়ি খালের পাশে পাহাড় কেটে বালু তুলছিল একটি চক্র। অভিযোগ রয়েছে, কক্সবাজার জেলা যুবদলের ফরিদ নামের এক নেতা বালুমহালটি ইজারা নিয়েছিলেন। পরে তিনি স্থানীয় বিএনপি নেতা নুরুল হকের নেতৃত্বাধীন একটি চক্রকে সেটি উপভাড়া দেন। ওই চক্রটি সকল নিয়ম-কানুন লঙ্ঘন করে দীর্ঘদিন ধরে এই অবৈধ কার্যক্রম চালিয়ে আসছিল।
অভিযুক্ত স্থানীয় বিএনপি নেতা নুরুল হকের বক্তব্য জানতে কয়েকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। ফলে এ বিষয়ে তার কোনো ভাষ্য পাওয়া সম্ভব হয়নি। বিষয়টি নিশ্চিত করে রাজারকুল রেঞ্জ কর্মকর্তা সুলতান মাহমুদ হাওলাদার জানান, বন ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় বন বিভাগের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
রেঞ্জ কর্মকর্তা সুলতান মাহমুদ হাওলাদার আরও জানান, অবৈধভাবে বালু উত্তোলনের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের জন্য মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। গোপন সংবাদের ভিত্তিতে চালানো এই সফল অভিযানের মাধ্যমে বালু উত্তোলনকারীদের তৎপরতা সাময়িকভাবে বন্ধ করা সম্ভব হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
আকাশ নিউজ ডেস্ক 



















