ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ‘আসুন আমরা শুদ্ধতার চর্চা করি’ স্লোগানকে সামনে রেখে জাঁকজমকপূর্ণভাবে উদযাপিত হয়েছে শরৎ উৎসব ১৪৩৩। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে বিশ্ববিদ্যালয়ের বটতলায় আয়োজিত এই অনুষ্ঠানে আবৃত্তি, গান ও সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে শরৎকে বরণ করে নেন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘আবৃত্তি আবৃত্তি’র সদস্যরা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আব্দুল মাজেদ সাগর। স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক সুইটি পাল। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফারিহা ফারজান মৌ ও আপন সাহা অর্ণব। সংগঠনের সদস্যদের একক, দলীয় ও সম্মিলিত আবৃত্তি পরিবেশনায় মুখর হয়ে ওঠে বটতলা প্রাঙ্গণ। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকসহ সংগঠনের উপদেষ্টামণ্ডলীর সদস্যরা উপস্থিত ছিলেন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সহসভাপতি ফারহানা ইবাদ, যুগ্ম সাধারণ সম্পাদক সূচনা ত্রিপুরা, অর্থ সম্পাদক তৃপ্তি ঘোষ এবং অনুষ্ঠান সম্পাদক মুহিবসহ সংগঠনের অন্য কর্মীরা।
অতিথিরা তাদের আলোচনায় তুলে ধরেন যে, ২০০৩ সাল থেকে দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে ‘আবৃত্তি আবৃত্তি’ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শব্দ ও ছন্দের নান্দনিক চর্চা চালিয়ে যাচ্ছে। বিশুদ্ধ সংস্কৃতি চর্চা ও আবৃত্তি প্রসারের মাধ্যমে সংগঠনটি ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অঙ্গনকে প্রতিনিয়ত সমৃদ্ধ করে তুলছে বলে তারা অভিমত ব্যক্ত করেন।
শরৎ উৎসবের তাৎপর্য নিয়ে সংগঠনের সভাপতি আব্দুল মাজেদ সাগর বলেন, বাংলাদেশ ষড়ঋতুর দেশ এবং শরৎকাল এর মধ্যে অন্যতম একটি ঋতু। এই সময়ে মানুষের মন ও মনন প্রেমময় হয়ে ওঠে। আকাশে সাদা মেঘের ভেলা আর শরৎ প্রকৃতির আবহে মানুষের আবেগ, প্রেম, বিরহ এবং মনস্তাত্ত্বিক টানাপোড়েনগুলোকে কবিতার ছন্দে ও আবৃত্তির আলোকে ফুটিয়ে তোলাই ছিল এবারের আয়োজনের মূল লক্ষ্য।
আকাশ নিউজ ডেস্ক 




















