অাকাশ জাতীয় ডেস্ক:
জাতীয় ঐক্যফ্রন্টে যোগ দিতে চিঠি দিয়েছে বিকল্পধারা বাংলাদেশ- এর একাংশ। সোমবার (২৯ অক্টোবর) জাতীয় ঐক্যফ্রন্টের চার নেতাকে চিঠি দিয়েছে অধ্যাপক ড. নূরুল আমিন ব্যাপারী নেতৃত্বধীন বিকল্পধারা। সোমবার রাতে ঐক্যফ্রন্টের অন্যতম নেতা ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জেএসডির সভাপতি আসম আবদুর রব ও নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমানকে চিঠি দিয়েছে বিকল্পধারার এ অংশটি।
চিঠি দেওয়ার বিষয়টি স্বীকার করে বিকল্পধারা একাংশের মহাসচিব অ্যাডভোকেট শাহ আহমেদ বাদল বলেন, ‘জাতীয় ঐক্যফ্রন্টে বিকল্পধারাকে অন্তর্ভুক্ত করতে আমরা চার নেতাকে চিঠি দিয়েছি। আমাদের জাতীয় ঐক্যফ্রন্টে অন্তর্ভুক্ত করা হয়েছে।’ তিনি আরও বলেন, ‘আগামীতে জাতীয় ঐক্যফ্রন্টের সব পোগ্রামে অংশগ্রহণ করবো আমরা।’
এদিকে চিঠি পাওয়ার বিষয়টি স্বীকার করেন আসম আবদুর বর। তিনি বলেন, তারা চিঠি দিয়েছে। তবে তাদের জাতীয় ঐক্যফ্রন্টে নেওয়ার বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি। একই কথা বলছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। তিনি বলেন, ‘আমাদের তারা চিঠি দিয়েছে। তবে এই বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি।’
বিকল্পধারা একাংশের চিঠিতে বলা হয়, বাংলাদেশের সংবিধান প্রণেতা ড. কামাল হোসেনের নেতৃত্বে ঐক্য প্রক্রিয়ায় বিএনপি, গণফোরাম ও যুক্তফ্রন্টের সম্মলিত উদ্যোগে ২২ সেপ্টেম্বর নাগরিক সমাবেশে জাতীয় ঐক্যফ্রন্ট গঠিত হয়। যৌথ কর্মসূচি ঘোষণার জন্য গত ১৩ অক্টোবর জাতীয় প্রেস ক্লাবে স্থান নির্ধারণ করা হয়। কিন্তু ওইদিন জাতীয় ঐক্যফ্রন্ট প্রেসক্লাবে জনতার সামনে উপস্থিত হলেও বিকল্পধারার প্রেসিডেন্ট একিউএম বদরুদ্দোজা চৌধুরী, তার ছেলে মাহী বি চৌধুরী ও দলের মহাসচিব মেজর (অব) এম এ মান্নানের ইচ্ছায় ঘোষিত কর্মসূচি থেকে তারা পিছটান দেয় যা ছিল দুরভিসন্ধিমূলক। এ কারণে তাদের গত ১৮ অক্টোবর বিকল্পধারার গঠনতন্ত্রের ৫ (২) ধারা অনুযায়ী, দলের সব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়, যা ১৯ অক্টোবর সংবাদ সম্মেলনের মাধ্যমে দেশবাসীকে অবহিত করা হয়।
বিকল্পধারা একাংশের প্রেসিডেন্ট অধ্যাপক ড. নূরল আমিন ব্যাপারী ও মহাসচিব অ্যাডভোকেট শাহ বাদল চিঠিতে বলেন, জাতীয় ঐক্যফ্রন্ট ঘোষিত ৭ দফা ও ১১টি লক্ষ্য বাস্তবায়নে সব কর্মসূচিতে অংশগ্রহণের সিদ্ধান্ত ঘোষণা করে বিকল্পধারা।
বিকল্পধারার এ অংশটির জাতীয় ঐক্যফ্রন্টে যোগদানের চিঠির বিষয়ে বদরুদ্দোজা চৌধুরী নেতৃত্বধীন বিকল্পধারার মহাসচিব মেজর (অব ) মান্নান কোনও মন্তব্য করতে রাজি হননি। তিনি বলেন, শাহ আহমেদ বাদলকে অনেক আগে দল থেকে বহিষ্কার করা হয়েছে। আর নূরুল আমিন ব্যাপারী দীর্ঘদিন ধরে দলে নিষ্ক্রিয় ছিলেন। তার ইচ্ছা ছিল বিএনপির সঙ্গে জোট করা। যখন বিকল্পধারা বিএনপির সঙ্গে ঐক্য করে নাই, তাই উনি বের হয়ে গেলেন। তিনজন ছাড়া বিকল্পধারার আর কেউ তাদের সঙ্গে নেই।
তবে এসব বিষয়ে কোনও মন্তব্য করতে রাজি হননি নূরুল আমিন ব্যাপারী।
আকাশ নিউজ ডেস্ক 




















