বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন যে, গণ-অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পরও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিশোধের রাজনীতি চালিয়ে যাচ্ছেন। তিনি বলেন, পার্শ্ববর্তী দেশে আশ্রয় নিলেও শেখ হাসিনা চুপচাপ বসে নেই। ক্ষমতার মোহ থেকে এখনো দেশে অগ্নিসন্ত্রাস ও নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনা করছেন তিনি। সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এ্যাব) আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন। আয়োজনের মূল লক্ষ্য ছিল ফ্যাসিবাদী আওয়ামী লীগ ও তাদের দোসরদের পরিকল্পিত নৈরাজ্যের প্রতিবাদ জানানো।
রিজভী আরও বলেন, গত ১৭ বছর ক্ষমতায় থাকাকালে শেখ হাসিনা যেসব দমনমূলক নীতি প্রয়োগ করেছিলেন, এখনো সেই ধারা অব্যাহত রেখেছেন। বর্তমানে দেশের বিভিন্ন প্রান্তে বিএনপি নেতাকর্মীদের বাড়িঘর, ব্যক্তিগত গাড়ি, পোশাক কারখানা এমনকি পুলিশের স্থাপনায় পরিকল্পিতভাবে আগুন দেওয়া হচ্ছে। এই নাশকতার পেছনে থাকা সন্ত্রাসীদের অর্থায়ন করা হচ্ছে বিদেশে পাচার করা টাকা থেকে, যা মোবাইল ব্যাংকিংয়ের (বিকাশ) মাধ্যমে পাঠানো হচ্ছে। তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার বর্তমানে অত্যন্ত ধৈর্যের পরিচয় দিচ্ছে এবং গণতান্ত্রিক ও আইনি প্রক্রিয়ার মাধ্যমে এই অরাজকতা মোকাবিলা করছে বলে তিনি উল্লেখ করেন। তিনি বলেন, অতীতে আওয়ামী লীগ সরকার যেভাবে নির্বিচারে গুলি চালিয়ে হত্যাকাণ্ড চালাত, বর্তমান সরকার তা করছে না; এটাই তারেক রহমান ও শেখ হাসিনার মধ্যে মৌলিক পার্থক্য।
ভারতে অবস্থানরত আওয়ামী লীগ নেতাদের কর্মকাণ্ড নিয়েও রিজভী প্রশ্ন তুলেছেন। তিনি বলেন, পার্শ্ববর্তী দেশ থেকে কূটনৈতিক শিষ্টাচারের কথা বলা হলেও, ভারতের পেট্রাপোল সীমান্তে সেখানকার ইমিগ্রেশন কর্মকর্তাদের সঙ্গে আওয়ামী লীগের চার পলাতক নেতার বৈঠক কি কোনো সাধারণ ঘটনা? সরকারের উচ্চপর্যায়ের সবুজ সংকেত ছাড়া সরকারি কর্মকর্তাদের পক্ষে এমন বৈঠক করা সম্ভব নয় বলে তিনি মন্তব্য করেন। এটি দেশের বিরুদ্ধে কোনো গভীর ষড়যন্ত্রের ইঙ্গিত কি না, সেই প্রশ্নও তোলেন তিনি। উল্লেখ্য, এ্যাবের সদস্য সচিব প্রকৌশলী শোয়েব বাশরী হাবলুর সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রকৌশলী খান মুর্শিদ, প্রকৌশলী হারুন অর রশিদ, প্রকৌশলী মিয়া মো. কাইয়ুম এবং প্রকৌশলী এনায়েত হোসেন।
আকাশ নিউজ ডেস্ক 





















