নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও তাদের সহযোগী কোনো সংগঠনের কার্যক্রম গণমাধ্যমে প্রচার করা যাবে না বলে জানিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। সোমবার (১৬ নভেম্বর) দুপুরে সচিবালয়ে অনলাইন এডিটরস ফোরামের সঙ্গে আয়োজিত এক বৈঠকে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, যারা আগুন সন্ত্রাস ও গণহত্যার সঙ্গে জড়িত, তাদের সংবাদ প্রচারকে সাধারণ মানুষ ভালোভাবে দেখবে না। তিনি বলেন, বিগত ১৭ বছরে দেশে অনেক গণমাধ্যম বন্ধ করে দেওয়া হয়েছিল এবং সাংবাদিকদের গুম বা তুলে নেওয়ার মতো ঘটনা ঘটেছে। বর্তমান সরকার এ ধরনের কর্মকাণ্ডে বিশ্বাস করে না এবং গণমাধ্যমের স্বাধীনতায় প্রতিশ্রুতিবদ্ধ।
সরকার কোনো সংবাদ প্রচার বা প্রত্যাহারের জন্য কোনো সংস্থাকে চাপ দিচ্ছে না উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, তবে গণমাধ্যমের প্রতি আহ্বান থাকবে যেন ফ্যাসিবাদকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া না হয়। তিনি আরও যোগ করেন, বর্তমান সরকার জনগণের ভোটের অধিকার নিশ্চিত করেছে এবং এই প্রক্রিয়ায় অনলাইন সংবাদমাধ্যমগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
আকাশ নিউজ ডেস্ক 





















