বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বকে বিশ্বনেতারা ‘ট্রান্সফরমেটিভ লিডারশিপ’ বা রূপান্তরমূলক নেতৃত্ব হিসেবে দেখছেন। তুরস্কের আনতালিয়ায় চলমান জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন (কপ৩১)-এর ফাঁকে বাংলাদেশ প্যাভিলিয়নে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এ কথা জানিয়েছেন। তিনি জানান, বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে প্রধানমন্ত্রীর নেতৃত্বের ভূয়সী প্রশংসা করা হচ্ছে।
প্রতিমন্ত্রী উল্লেখ করেন, প্রায় ১৮ থেকে ২০ কোটি মানুষের নেতৃত্বে তারেক রহমানের এই রূপান্তরমূলক ভূমিকা ও তার অর্জিত গণতান্ত্রিক ম্যান্ডেটকে বিশ্বনেতারা অত্যন্ত গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছেন। সম্মেলনের উদ্বোধনী অধিবেশন ও প্লেনারি সেশনে অংশ নেওয়ার পাশাপাশি প্রধানমন্ত্রী আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি এবং বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। তিনি বলেন, এসব সাক্ষাৎ অত্যন্ত আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে হয়েছে।
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করা নেতাদের তালিকায় রয়েছেন ব্রাজিল, মালদ্বীপ, ইরান, সিরিয়া ও সোমালিয়ার প্রেসিডেন্টসহ মলদোভা, পাকিস্তান ও কুয়েতের প্রধানমন্ত্রী। এছাড়া ওআইসির মহাসচিব, লন্ডনের মেয়র এবং জিরো ওয়েস্ট ফাউন্ডেশনের প্রেসিডেন্টের সঙ্গেও তার বৈঠক হয়েছে। হুমায়ুন কবির জানান, বিশ্বনেতারা বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ ও প্রধানমন্ত্রীর ম্যান্ডেটের প্রতি অভিনন্দন জানিয়েছেন এবং দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে আগ্রহ প্রকাশ করেছেন।
বৈঠকের বিস্তারিত জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ব্রাজিলের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানানো হয়েছে এবং মালদ্বীপের প্রেসিডেন্ট দ্রুতই সফরের আগ্রহ প্রকাশ করেছেন। সিরিয়ার পুনর্গঠন, দক্ষ জনশক্তি ও বিনিয়োগের ক্ষেত্রে বাংলাদেশ থেকে সহযোগিতা প্রত্যাশা করেছেন সিরীয় প্রেসিডেন্ট। অন্যদিকে, পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে আঞ্চলিক স্থিতিশীলতা ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়েছে।
ফিলিস্তিন ইস্যুতে বাংলাদেশের অবস্থান পুনর্ব্যক্ত করে ওআইসি মহাসচিবকে জানানো হয়েছে যে, বাংলাদেশ দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের পক্ষে অটল রয়েছে। এছাড়া লন্ডনের মেয়রের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ হয়েছে, কারণ তিনি দীর্ঘদিন লন্ডনে অবস্থান করায় তাদের মধ্যে সুসম্পর্ক রয়েছে। কুয়েতের প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনায় দুই দেশের বিনিয়োগ ও অর্থনৈতিক অংশীদারত্ব বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
উজবেকিস্তানের প্রেসিডেন্টের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে সরাসরি বিমান যোগাযোগ চালু ও ভিসা প্রক্রিয়া সহজ করার মতো বিষয়গুলো উঠে এসেছে। দেশটি সফরের আমন্ত্রণ পাওয়ার পর প্রধানমন্ত্রী আগামী বছরের কোনো এক সময়ে সেখানে যাওয়ার বিষয়ে তাকে আশ্বস্ত করেছেন। চীনের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকটিও ছিল অত্যন্ত ফলপ্রসূ, যেখানে রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও নিবিড় করার বিষয়ে আলোচনা হয়েছে।
চীন ও বাংলাদেশের অংশীদারত্ব প্রসঙ্গে হুমায়ুন কবির জানান, জ্বালানি খাতে এলএনজি টার্মিনাল স্থাপন, ভারী শিল্পায়ন, অবকাঠামো উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে চীনের বিনিয়োগের বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। এছাড়া বাংলাদেশ, চীন ও মিয়ানমারকে নিয়ে আঞ্চলিক অর্থনৈতিক করিডর গড়ার সম্ভাবনা ও রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাওয়া হয়েছে। এ সংকটের টেকসই সমাধানে দ্বিপক্ষীয় উদ্যোগের পাশাপাশি সমন্বিত আন্তর্জাতিক প্রচেষ্টার ওপর জোর দেয় বাংলাদেশ।
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠককে অত্যন্ত ফলপ্রসূ হিসেবে বর্ণনা করেছেন হুমায়ুন কবির। দুই নেতা রাজনৈতিক সম্পর্ক ও পারস্পরিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছেন। মুসলিম বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের দীর্ঘ অভিজ্ঞতা ও শান্তিরক্ষা কার্যক্রমে অবদানের প্রসঙ্গ টেনে প্রতিমন্ত্রী বলেন, জাতীয় স্বার্থ বিবেচনায় নিয়ে এ ধরনের ইতিবাচক ভূমিকা রাখার সুযোগ তৈরি হলে তা গুরুত্বের সঙ্গে দেখবে বাংলাদেশ।
আকাশ নিউজ ডেস্ক 






















