রাজধানীর মিরপুরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্রাউনফিশ স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। আটককৃতদের মধ্যে ঘটনার মূল পরিকল্পনাকারী শাহরিয়ারসহ মো. মামুন, আসলাম ও মুন্না রয়েছেন। তারা ভাসানটেক বস্তি ও মজুমদার মোড় এলাকার বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, স্টুডিওর মালিক নিউ গিনি প্রপার্টিজ লিমিটেডের সঙ্গে এলাকার অন্যান্য জমির মালিকদের দীর্ঘদিনের বিরোধের জেরে এই হামলার ঘটনা ঘটেছে। নিউ গিনি প্রপার্টিজ ওই জমিতে নতুন একটি গেট নির্মাণ করায় অন্যদের চলাচলের পথ বন্ধ হয়ে গিয়েছিল, যা নিয়ে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। সালমান মুক্তাদির ওই প্রতিষ্ঠানের কাছ থেকে স্টুডিওর জন্য জায়গা ভাড়া নিয়েছিলেন।
এ প্রসঙ্গে ওসি মোহাম্মদ গিয়াস উদ্দিন জানান, স্টুডিওর ওপর হামলার পেছনে যাতায়াত নিয়ে বিরোধই মূল কারণ। ইতোমধ্যে ঘটনার মূল পরিকল্পনাকারীকে আইনের আওতায় আনা হয়েছে এবং বাকিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। উল্লেখ্য, শনিবার মধ্যরাতে শতাধিক মানুষের একটি দল ইসিবি চত্বরের নিউগ্রিনি প্রপার্টিজ এলাকায় সালমান মুক্তাদিরের স্টুডিওতে ঢুকে তাণ্ডব ও লুটপাট চালায়। জীবন রক্ষায় সে সময় স্টুডিওর দায়িত্বে থাকা দুই কর্মী টয়লেটে আশ্রয় নিয়েছিলেন।
আকাশ নিউজ ডেস্ক 



















