আকাশ জাতীয় ডেস্ক:
রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনালকে দখলমুক্ত করে আধুনিক, পরিচ্ছন্ন ও শৃঙ্খলাপূর্ণ টার্মিনালে রূপ দেওয়ার হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আব্দুস সালাম।
বৃহস্পতিবার সকালে রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনাল পরিদর্শন শেষে তিনি এ কথা জানান।
ডিএসসিসি প্রশাসক বলেন, টার্মিনাল কোনোভাবেই বাসের ডাম্পিং স্টোরে পরিণত হতে পারে না। শুধুমাত্র যাত্রী ওঠানামার বাসই টার্মিনালে অবস্থান করবে। এছাড়া অন্য কোনো বাস রাখা যাবে না।
তিনি বলেন, আগামী ১৫ জুলাইয়ের মধ্যে টার্মিনাল ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে পরিবহন মালিক ও শ্রমিকদের অনুরোধ করা হয়েছে। এ সময়ের পর নিয়ম না মানলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) বাসের জন্য আলাদা স্থান নির্ধারণ করা হবে জানিয়ে আব্দুস সালাম বলেন, টার্মিনালের ভেতরের অবৈধ দোকানপাট ও হকার উচ্ছেদ করে পুরো এলাকাকে সুশৃঙ্খল করা হবে। টার্মিনাল পরিচ্ছন্ন না থাকলে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।
সিটি করপোরেশন সায়েদাবাদ বাস টার্মিনালকে একটি পরিচ্ছন্ন ও কার্যকর যাত্রীসেবার কেন্দ্রে পরিণত করতে চায় বলে জানান এই প্রশাসক। পাশাপাশি গুলিস্তান এলাকা থেকেও বাস টার্মিনাল সরিয়ে নেয়ার পরিকল্পনার কথা জানান তিনি।
আগামী তিন থেকে চার মাসের মধ্যে রাজধানীর সড়ক ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষ্য নিয়ে কাজ চলছে বলেও উল্লেখ করেন আব্দুস সালাম।
আকাশ নিউজ ডেস্ক 


















