অাকাশ জাতীয় ডেস্ক:
বিএনপির ঘাঁটিখ্যাত বগুড়ার সাতটি আসনে দলীয় প্রার্থী ঘোষণা করা হয়েছে।
বগুড়া-৬ (সদর) ও বগুড়া-৭ (শাজাহানপুর-গাবতলী) আসনে দলের চেয়ারপারসন খালেদা জিয়াকে প্রার্থী করা হলেও একাধিক ডামি প্রার্থী রাখা হয়েছে।
সাতটি আসনের বিপরীতে ১৬ জনকে মনোনয়ন চিঠি দেয়া হয়েছে।
মঙ্গলবার সকালে বগুড়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মীর শাহে আলম এর সত্যতা নিশ্চিত করেছেন।
বিএনপির নির্ভরযোগ্য সূত্র জানায়, বগুড়া ৬ ও ৭ আসনে মনোনয়ন দেয়া হয়েছে চেয়ারপারসন খালেদা জিয়াকে।
সোমবার বিকালে রাজধানীর গুলশানে বিএনপির কার্যালয় থেকে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নেত্রীর মনোনয়নের চিঠি জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম ও চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক সাংসদ হেলালুজ্জামান তালুকদার লালুর হাতে তুলে দেন।
কোনো কারণে খালেদা জিয়া নির্বাচন করতে না পারলে দুটি আসনে বিকল্প প্রার্থী রাখা হয়েছে।
তারা হলেন-বগুড়া-৬ (সদর) আসনে চেয়ারপারসনের উপদেষ্টা, বগুড়া পৌরসভার মেয়র অ্যাডভোকেট মাহবুবর রহমান ও জেলা বিএনপির সাবেক সভাপতি রেজাউল করিম বাদশা।
বগুড়া-৭ (শাজাহানপুর-গাবতলী) আসনে গাবতলী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক, উপজেলা চেয়ারম্যান মোরশেদ মিল্টন। এ আসনে সাবেক সাংসদ হেলালুজ্জামান তালুকদার লালুর কথা শোনা গেলেও শেষ পর্যন্ত তাকে দলীয় মনোনয়ন দেয়া হয়নি।
তবে বিভিন্ন মাধ্যমে শোনা যায়, তিনি ব্যাংকঋণ সংক্রান্ত সমস্যায় থাকায় হাইকমান্ড ঝুঁকি নেয়নি।
বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনে মনোনয়ন চিঠি দেয়া হয়েছে, সাবেক সংসদ সদস্য কাজী রফিকুল ও জেলা বিএনপির উপদেষ্টা মোহাম্মদ শোকরানাকে।
বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে জাতীয় ঐক্যফ্রন্ট নেতা মাহমুদুর রহমান মান্না, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মীর শাহে আলম ও সিনিয়র যুগ্ম সম্পাদক এমআর ইসলাম স্বাধীন।
বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনে সাবেক সাংসদ মানবতাবিরোধী অপরাধ মামলায় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি আবদুল মোমেন তালুকদার খোকা ও তার স্ত্রী মাসুদা মোমেন। এ আসনে খোকার ভাই আদমদীঘি উপজেলা চেয়ারম্যান, উপজেলা বিএনপির সভাপতি আবদুল মুহিত তালুকদারের মনোনয়ন পাওয়ার কথা শোনা গেলেও শেষ পর্যন্ত তাকে দেয়া হয়নি।
বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে সাবেক সংসদ সদস্য সম্প্রতি সংস্কারপন্থী অপবাদ থেকে মুক্তি পাওয়া ডা. জিয়াউল হক মোল্লা, জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম ও জিয়া শিশু-কিশোর সংগঠনের কেন্দ্রীয় সহসভাপতি, জেলা বিএনপির নির্বাহী সদস্য মোশাররফ হোসেন।
বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনে সাবেক সাংসদ গোলাম মোহাম্মদ সিরাজ ও শেরপুর উপজেলা বিএনপির সভাপতি জানে আলম খোকা।
এ আসনে কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য, বগুড়া জেলা বিএনপির উপদেষ্টা শিল্পপতি এসএম শফিউজ্জামান খোকনও মনোনয়ন সংগ্রহ করেছেন। তার ভাই ধুনট উপজেলা বিএনপির সদস্য সচিব শরাফত জামান পাশা সোমবার বিকালে ধুনট সহকারী রিটার্নিং অফিসার রাজিয়া সুলতানার কাছে মনোনয়ন ক্রয় করেন।
আকাশ নিউজ ডেস্ক 




















