অাকাশ জাতীয় ডেস্ক:
আওয়ামী লীগ ক্ষমতায় না থাকলে উন্নয়ন থমকে যাবে এমন আশঙ্কা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জনগণ ভোট দিয়ে আবারো নির্বাচিত করলে এগিয়ে নেয়ার বাকি কাজটুকু শেষ করবে তার সরকার।
রোববার (২৮ অক্টোবর) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ঢাকা চেম্বার অব কমার্সের ৬০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে একথা বলেন প্রধানমন্ত্রী। আগামী অর্থবছরে প্রবৃদ্ধি ৮ দশমিক দুই পাঁচ হওয়ার আশাবাদ ব্যক্ত করে প্রধানমন্ত্রী ব্যবসায়ীদের শিল্প ও বিনিয়োগ বহুমুখীকরণের আহ্বান জানান।
কৃষি, শিল্প, বহুপাক্ষিক বাণিজ্য আর প্রবাসী আয়ে অভূতপূর্ব পরিবর্তনের ধারায় দেশে দারিদ্র্যের হার কমে এখন ২১ শতাংশ। ২০২১ সাল নাগাদ রপ্তানি আয় ৬০ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছাতে এরই মধ্যে লক্ষ্য নির্ধারণ করেছে সরকার।
পাল্টে যাওয়া বাংলাদেশের যারা অন্যতম সারথি, সে ব্যবসায়ীদের নিয়ে এ আয়োজন। ৬০ বছরের পুরনো ব্যবসায়ীদের সংগঠন ঢাকা চেম্বার অব কমার্সের এ সম্মেলনে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী বলেন, ‘সামগ্রিক উন্নয়নে বেসরকারি খাতকে এগিয়ে নিতে সবসময়ই যত্নশীল তার সরকার।’
তিনি বলেন, ‘ব্যবসা-বাণিজ্যে সন্ত্রাস, জঙ্গিবাদ, বোমাবাজি, গ্রেনেড হামলা, চাঁদাবাজি বিদ্যমান ছিল। হাওয়া ভবনকে খুশি না করলে ব্যবসা পাওয়া যেত না। সেসব আমরা এসে বন্ধ করেছি। সবকিছু একটি নিয়মের মধ্যে এনেছি। পরিকল্পিতভাবে যাতে দেশটাকে এগিয়ে নিতে পারি তার ব্যবস্থা আমরা করেছি।’
আসছে বছরেই জিডিপি আট দশমিক দুই পাঁচ শতাংশে উন্নীত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন সরকারপ্রধান শেখ হাসিনা। নতুন নতুন উদ্ভাবনী চিন্তা আর পণ্যের বহুমুখীকরণের মাধ্যমে ব্যবসায়ীদের অব্যাহত এ উন্নয়নের অংশীদার হওয়ার আহ্বান জানান তিনি। শিল্পকে আমরা বহুমুখী করতে চাই।’
প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা চাই উন্নয়নে অংশীদার হওয়ার বিষয়টি মাথায় রেখে আপনারা কাজ করবেন।’
ভবিষতে ক্ষমতায় আসলে উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়ন সম্ভব হবে বলে জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘জনগণ যদি ভোট দেয় তাহলে আমরা আামাদের টার্গেটগুলো পূরণ করতে পারব।’
প্রধানমন্ত্রীর হাতে সম্মানসূচক ভিশনারী লিডারর্স স্মারক তুলে দেন ডিসিসিআই নেতৃবৃন্দ।
আকাশ নিউজ ডেস্ক 























