অাকাশ জাতীয় ডেস্ক:
সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, ‘রংপুর জাতীয় পার্টির দুর্গ ছিল, আছে এবং থাকবে। এ দুর্গ ভাঙার সাধ্য কারও নেই।’
সোমবার দুপুরে রংপুর নগরীর নিউ সেনপাড়ায় নিজের পৈতৃক বাসভবন পরিদর্শন করতে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
এরশাদ আরও বলেন, ‘জাতীয় পার্টি নির্বাচনের জন্য সব প্রস্তুতি গ্রহণ করেছে। আমরা ৩০০ আসনে প্রার্থী চূড়ান্ত করেছি। আগামী ১৫ অক্টোবর ঢাকায় মহাসমাবেশের পর প্রার্থীদের নাম ঘোষণা করা হবে।’
জাপা চেয়ারম্যান আরও বলেন, ‘আমার ও রওশন এরশাদের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই। এমনকি আমাদের দলীয় কোনো কোন্দলও নেই। আমাদের একটাই লক্ষ্য, আগামী নির্বাচনে
৩০০ আসনে প্রার্থী দিয়ে নির্বাচন করে দলকে ক্ষমতায় নিয়ে যাওয়া। যারা দলের কোন্দলের কথা বলে প্রচারণা চালাচ্ছে তারা বোকার স্বর্গে বাস করছে। এসব বলে দলের নেতাকর্মীদের মাঝে বিভ্রান্তি সৃষ্টি করা যাবে না।’
সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘আমরা মহাজোটগতভাবে নির্বাচন করব। যদি বিএনপি নির্বাচনে আসে আসলো। না হলে ৩০০ আসনেই আমরা নির্বাচন করব। তবে ভবিষতে কী হবে বলতে পারি না।’
এর আগে ঢাকা থেকে বিমানে করে সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করলে দলের নেতাকর্মীরা তাকে স্বাগত জানান। পরে তিনি নগরীর সেনপাড়ায় তার পৈতৃক বাসভবন স্কইভিউয়ের মেরামত কাজের অগ্রগতি পরিদর্শন করেন। এ সময় তার সঙ্গে ছিলেন দলের ভাইস প্রেসিডেন্ট ফখর-উজ-জামান জাহাঙ্গির, মেজর ( অব) খালেদ আখতার, মহানগর কমিটির সম্পাদক এসএম ইয়াসির কাউনিয়া পীরগাছা আসন থেকে মনোনয়নপ্রত্যাশী সিরাজ ভরসাসহ স্থানীয় নেতারা।
আকাশ নিউজ ডেস্ক 










