শারজাহতে জয় দিয়ে ত্রিদেশীয় সিরিজ শেষ করার লক্ষ্য থাকলেও আফগানিস্তানের কাছে ৭ উইকেটের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। এই পরাজয়ে কোনো জয় না পেয়েই শূন্য হাতে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হলো টাইগারদের। বাংলাদেশকে হারিয়ে আফগানিস্তান ফাইনালে পৌঁছে গেছে, যেখানে শিরোপা লড়াইয়ে তাদের মুখোমুখি হবে জিম্বাবুয়ে।
ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। কিন্তু শুরুতেই বিপর্যয়ে পড়ে দল। চোট পাওয়া নিয়মিত অধিনায়ক লিটন দাসের পরিবর্তে একাদশে আসা পারভেজ হোসেন ইমন সর্বোচ্চ ৯৬ বলে ৭০ রানের লড়াকু ইনিংস খেলেন। তাঁকে সঙ্গ দিয়ে সাইফ হাসান করেন ৪১ রান। পঞ্চম উইকেটে এই দুই ব্যাটারের ৯৩ রানের জুটি ছাড়া আর কেউ উইকেটে টিকতে পারেননি। নাজমুল হোসেন শান্তর ১৫ রান বাদ দিলে দলের আর কোনো ব্যাটার দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি, এমনকি চারজন শূন্য রানে আউট হন। আফগান লেগ স্পিনার রশিদ খানের ৪ উইকেটের তোপে ৪২তম ওভারে মাত্র ১৬০ রানেই গুটিয়ে যায় বাংলাদেশ। নিয়মিত অধিনায়ক লিটন দাসের চোটে দলে সুযোগ পাওয়া পারভেজ হোসেন ইমন একা লড়াই চালিয়ে যান।
১৬১ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে ৩৯ রানেই ২ উইকেট হারিয়েছিল আফগানিস্তান। প্রাথমিক এই ধাক্কা দেন বাংলাদেশের পেসার তাসকিন আহমেদ। তবে এরপর রহমত শাহ ও হাশমতউল্লাহ শাহিদী শক্ত হাতে দলের হাল ধরেন। রহমত শাহ ৬৭ রানে এবং শাহিদী ৩৬ রানে অপরাজিত থেকে দলকে অনায়াস জয় এনে দেন। ৮৭ বল হাতে থাকতেই মাত্র ৩ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে আফগানরা। বাংলাদেশের বল হাতে তাসকিন আহমেদ ২টি এবং মুস্তাফিজুর রহমান ১টি উইকেট শিকার করেন।
আকাশ নিউজ ডেস্ক 






















