শরীফুল রাজ ও নাজিফা তুষির বড়পর্দায় পথচলা শুরু হয়েছিল যে সিনেমার মাধ্যমে, সেই ‘আইসক্রিম’ এক দশক পর নতুন করে দর্শকদের সামনে আসছে। রেদওয়ান রনি পরিচালিত ২০১৬ সালের এই আলোচিত ছবিটি ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পেতে যাচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টের মাধ্যমে চরকি জানিয়েছে, আগামী ২০ অক্টোবর থেকে তাদের প্ল্যাটফর্মে দেখা যাবে সিনেমাটি।
ক্যারিয়ারের শুরুতে অভিনয় করা এই চলচ্চিত্র রাজ ও তুষি দুজনের জন্যই অত্যন্ত স্পেশাল। রাজ নিজের ক্যারিয়ারের বিবর্তন প্রসঙ্গে বলেন, ১০ বছর আগের রাজ এবং আজকের রাজের মধ্যে স্পষ্ট পরিবর্তন রয়েছে। আজকের শরীফুল রাজ হয়ে ওঠার পেছনে ‘আইসক্রিম’ ছবির বিশেষ ভূমিকা রয়েছে বলে মনে করেন তিনি।
অন্যদিকে প্রথম ছবিতে অভিনয়ের অনুভূতির স্মৃতিচারণ করে নাজিফা তুষি জানান, তখন তিনি চলচ্চিত্রের বড় ক্যানভাস সম্পর্কে অনেক কিছু না বুঝেই কাজ শুরু করেছিলেন। তার কথায়, অনেক কিছু না বুঝে ও অভিজ্ঞতা কম নিয়ে দাঁড়িয়ে গেলেও মনে হয়েছিল এটি একটি ভালো কাজ হতে যাচ্ছে এবং রেদওয়ান রনি একজন দক্ষ নির্মাতা।
২০১৬ সালের ২৯ এপ্রিল প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া এই ছবিতে রাজ ও তুষির সাথে অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন উদয়, এ টি এম শামসুজ্জামান, দিতি, ওমর সানী, সায়েম সাদাত ও নাদিয়া খানম। সিনেমাটির সুর ও সঙ্গীতে কণ্ঠ দিয়েছিলেন অর্ণব, আরমিন মুসা, শারমীন সুলতানা সুমি ও মিনার রহমান। ওটিটিতে ছবিটি উন্মুক্ত হওয়ার ফলে দর্শকরা রাজ ও তুষির শুরুর দিনগুলোর অভিনয় আবার নতুন করে দেখতে পারবেন।
আকাশ নিউজ ডেস্ক 






















