সের্গেই বন্দারচুক ফিল্ম ক্লাবের ২০২৬-২০২৮ মেয়াদের জন্য নতুন পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। রাজধানীর ধানমন্ডিস্থ রাশিয়ান হাউসে গত ১৪ অক্টোবর আয়োজিত এক সভায় ১১ সদস্যবিশিষ্ট এই কমিটি চূড়ান্ত করা হয়। এর মাধ্যমে সংগঠনটির আগের এক বছর মেয়াদি আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হলো। নতুন এই কমিটি আগামী দুই বছর চলচ্চিত্র ক্লাবটির সার্বিক কার্যক্রম পরিচালনা করবে।
কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন একাডেমি অব ফিল্ম অ্যান্ড মিডিয়ার নির্বাহী পরিচালক বিবেশ রায় এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজের প্রচার ও প্রকাশনা সম্পাদক আহমেদ তেপান্তর। নবগঠিত এই কার্যকরী পরিষদের নেতৃত্বে সংগঠনটির চলচ্চিত্র চর্চা, গবেষণা এবং সাংস্কৃতিক বিনিময় কার্যক্রম আরও বিস্তৃত ও গতিশীল হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন। প্রখ্যাত রুশ চলচ্চিত্রকার সের্গেই বন্দারচুকের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং তার নামেই এই ক্লাবটি প্রতিষ্ঠিত হয়েছে।
পূর্ণাঙ্গ কমিটির অন্যান্য পদের দায়িত্বপ্রাপ্তরা হলেন অর্থ সম্পাদক সাথী আক্তার, দপ্তর সম্পাদক ফারাহ ফেন্সি, প্রচার ও প্রকাশনা সম্পাদক গোলাম রাব্বানী, তথ্য ও গবেষণা সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ অপু এবং অনুষ্ঠানবিষয়ক সম্পাদক মাহমুদা আক্তার নিশা। এছাড়া কার্যকরী সদস্য হিসেবে কমিটিতে রয়েছেন সাংবাদিক মঈন আব্দুল্লাহ, মোস্তফা মতিহার, মাকসুদুল হক আরিফ এবং বর্ষা দাশগুপ্ত।
নতুন এই নেতৃত্ব ক্লাবের সাংগঠনিক ভিত্তিকে আরও মজবুত করতে কাজ করবেন বলে জানা গেছে। চলচ্চিত্র নিয়ে বিভিন্ন সৃজনশীল উদ্যোগ গ্রহণ এবং সদস্য ও চলচ্চিত্র অনুরাগীদের মধ্যে মিথস্ক্রিয়া বৃদ্ধির মাধ্যমে ক্লাবটি সামনের দিনগুলোতে কাজ করবে। কমিটির সদস্যরা তাদের অর্পিত দায়িত্ব পালনের মাধ্যমে সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে অঙ্গীকার ব্যক্ত করেছেন।
আকাশ নিউজ ডেস্ক 






















